ঝড়ো হাওয়ায় মাওয়ায় পদ্মায় গরুবাহী ট্রলারডুবি, ২৩ গরুসহ নিখোঁজ ১

0
  • লোকসমাজ ডেস্ক: মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার মাওয়া এলাকায় পদ্মা নদীতে ঝড়ো হাওয়ার কবলে পড়ে গরুবাহী একটি ট্রলার ডুবে গেছে। এ ঘটনায় ২৩টি কোরবানির গরুসহ এক গরু ব্যবসায়ী নিখোঁজ রয়েছেন।
    সোমবার দুপুরে পদ্মা সেতুর ১৫ নম্বর পিলারের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিখোঁজ ব্যক্তি আইয়ুব আলী (৪৫)। তিনি ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার সালিপুর গ্রামের মৃত আব্দুর মিস্ত্রির ছেলে।

    মাওয়ায় পদ্মায় ট্রলার ডুবি
    ট্রলার ডুবিতে বিক্ষিপ্ত গরু জড়ো করছেন ব্যবসায়ীরা

    নৌপুলিশ সূত্র জানায়, ফরিদপুরের চরভদ্রাসন এলাকা থেকে ১৫ জন ব্যবসায়ী ২৮টি কোরবানির গরু নিয়ে ঢাকার কেরানীগঞ্জের পশুর হাটে বিক্রির উদ্দেশ্যে ট্রলারে করে যাচ্ছিলেন। দুপুর আড়াইটার দিকে আকস্মিক কালবৈশাখী ঝড়ের কবলে পড়ে ট্রলারটি পদ্মা নদীতে ডুবে যায়।
    লৌহজং ফায়ার সার্ভিসের স্টেশন কমান্ডার মো. সুমন আলী জানান, ট্রলারডুবির পর ১৪ জন ব্যবসায়ী সাঁতরে তীরে উঠতে সক্ষম হন। এছাড়া ৫টি গরু জীবিত উদ্ধার করা হয়েছে। তবে একজন ব্যবসায়ী ও ২৩টি গরু এখনও নিখোঁজ রয়েছে।
    মাওয়া নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ (আইসি) মোহাম্মদ ইলিয়াস ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিখোঁজ ব্যবসায়ী এবং ডুবে যাওয়া ট্রলারের সন্ধানে উদ্ধার অভিযান চলছে। নিখোঁজ ২৩টি কোরবানির গরুর আনুমানিক মূল্য প্রায় ৩০ লাখ টাকা।