ঝুমঝুমপুরে বেকারির কারখানায় দুই বস্তা পচা ডিম, ৭০ হাজার টাকা দন্ড

0

স্টাফ রিপোর্টার ॥ যশোর শহরতলীর ঝুমঝুমপুরস্থ একটি বেকারির কারখানায় মঙ্গলবার অভিযান চালিয়ে ২ বস্তা পচা ডিম জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত। সেখানে প্রচুর তেলাপোকাও ছিলো। এছাড়া অবৈধভাবে খাদ্যপণ্য তৈরি করার প্রমাণ পাওয়ায় ভ্রাম্যমাণ আদালত কারাখানায় মালিককে অর্থদন্ড প্রদান করেছেন। ভ্রাম্যমাণ আদালতের সহকারী নজরুল ইসলাম জানান, দুপুরে ঝুমঝুমপুরের মেঘনা বেকারির কারখানায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় সেখানে কেকসহ অন্যান্য খাদ্যপণ্য তৈরিতে পচা ডিম ব্যবহার করতে দেখা যায়। এ জন্য কারখানায় ২ বস্তা পচা ডিম মজুদ ছিলো। ভ্রাম্যমাণ আদালত এই পচা ডিম জব্দের পর ধ্বংস করেছেন। তিনি জানান, কারখানায় প্রচুর তেলাপোকা দেখতে পাওয়া যায়। সেখানে অত্যন্ত নোংরা পরিবেশে খাদ্যপণ্য তৈরি করা হয়। এছাড়া দুটি খাদ্যপণ্যের অনুমোদন থাকলেও অবৈধভাবে আরও বেশ কয়েক ধরনের খাদ্যপণ্য তৈরি করায় বেকারি মালিক সিরাজুুল ইসলামের বিরুদ্ধে মামলা দিয়ে ৭০ হাজার টাকা অর্থদন্ড প্রদান করেন ভ্রাম্যমাণ আদালত। র‌্যাব-৬ সিপিসি-৩ যশোর ক্যাম্পের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, তাদের ক্যাম্পের স্কোয়াড কমান্ডার লেফট্যানেন্ট এম সরোয়ার হুসাইন নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদুল হাসানের সহায়তায় উল্লিখিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। অভিযানে ভোক্তা অধিকার আইন-২০০৯ এর ৫৩ ধারায় সিরাজুল ইসলামকে অর্থদন্ড প্রদান করা হয়।