ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতির বাড়িতে অগ্নিসংযোগ আ.লীগের, সাবেক তিন সংসদ সদস্যসহ ২৩৮ জনের বিরুদ্ধে মামলা

0

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ ॥ ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি অ্যাড. এম এ মজিদের বাড়িতে হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় সাবেক তিন সংসদ সদস্যসহ ২৩৮ জনের নাম উল্লেখ করে ঝিনাইদহ সদর থানায় মামলা দায়ের করা হয়েছে। রোববার অ্যাড.এম এ মজিদের ভাতিজা রিপন বিশ্বাস বাদী হয়ে এই মামলা করেন।
মামলার এজাহারে অভিযোগ করা হয়, গত ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন আওয়ামী লীগ দলীয় নেতাকর্মীরা অস্ত্রশস্ত্র নিয়ে বিএনপি সভাপতি এম এ মজিদের কলাবাগান পাড়ার বাড়িতে ঢুকে ভাঙচুর করে আগুন ধরিয়ে দেয়। এতে বাড়িতে থাকা প্রাইভেটকার, মোটরসাইকেল ও মূল্যবান আসবাবপত্র ভস্মীভূত হয়। এই মামলায় ঝিনাইদহ-১ আসনের সাবেক সংসদ সদস্য নায়েব আলী জোয়ারদার, ঝিনাইদহ-২ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি সফিকুল ইসলাম অপু, তাহজীব আলম সিদ্দিকী সমি, পাগলাকানাই ইউনিয়নের চেয়ারম্যান আবু সাঈদ, আওয়ামী লীগ নেতা জেএম রশিদুল আলম, বাবু জীবন কুমার বিশ্বাস, নজরুল ইসলাম, আশফাক মাহমুদ জন, ওয়াল্টন জাহাঙ্গীর ও শ্রমিক লীগ নেতা আক্কাচ আলীসহ ২৩৮ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত আরও ৭০০/৮০০ জনকে আসামি করা হয়েছে। মামলায় আওয়ামী লীগের সাবেক তিন সংসদ সদস্যকে হুকুমের আসামি করা হয়েছে।
বিষয়টি নিয়ে ঝিনাইদহ সদর থানার ওসি শাহীন উদ্দিন জানান, জেলা বিএনপির সভাপতির বাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় মামলা হয়েছে। আসামিদের গ্রেফতারে পুলিশ অভিযান শুরু করেছে।