ঝিনাইদহে বাসচাপায় স্ত্রী নিহত ও স্বামী হাসপাতালে: স্পিডব্রেকারের দাবিতে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ

0
সড়ক দুর্ঘটনায় নিহত জান্নাতুল ফেরদৌস তুলির মরদেহের চারপাশে শোকাহত স্বজন ও স্থানীয়দের ভিড়, পাশেই উদ্ধার কাজে ফায়ার সার্ভিস কর্মীরা।। ছবি: সংগৃহীত

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহ শহরের ভুটিয়ারগাতী এলাকায় যাত্রীবাহী বাসের চাপায় জান্নাতুল ফেরদৌস তুলি (২৭) নামে এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় তাঁর স্বামী সেনাসদস্য সোহেল কাজী গুরুতর আহত হয়েছেন।

দুর্ঘটনার পর স্থানীয়রা সড়কে স্পিডব্রেকার নির্মাণের দাবিতে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ ও সড়ক অবরোধ করেন। পরে পুলিশের হস্তক্ষেপে অবরোধ তুলে নিলে যানচলাচল স্বাভাবিক হয়। এ ঘটনায় ঘাতক বাসটি আটক করেছে পুলিশ।

বুধবার (২৬ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে ঝিনাইদহ শহরের বাইপাস সড়কের গ্যাস ডিপো এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত জান্নাতুল ফেরদৌস তুলি নড়াইলের লোহাগড়া উপজেলার লক্ষ্মীপাশা গ্রামের সেনাসদস্য সোহেল কাজীর স্ত্রী। সোহেল কাজী চট্টগ্রামে সেনাবাহিনীর বিএমএ শাখায় প্রশিক্ষক হিসেবে কর্মরত বলে জানা গেছে।

ঝিনাইদহের ভুটিয়ারগাতীতে বাসচাপায় নারী নিহত হওয়ার পর দুর্ঘটনাকবলিত ‘গড়াই পরিবহন’-এর সামনে স্থানীদের প্রতিবাদ ও উপচে পড়া ভিড়।। ছবি: সংগৃহীত

ঝিনাইদহ ফায়ার সার্ভিসের লিডার লিয়াকত বিশ্বাস জানান, সকালে সোহেল কাজী স্ত্রী তুলিকে মোটরসাইকেলে নিয়ে নড়াইল থেকে শৈলকুপার বড়দাহ এলাকায় শ্বশুরবাড়ির উদ্দেশ্যে যাচ্ছিলেন। পথে ঝিনাইদহ শহরের ভুটিয়ারগাতী এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা খুলনাগামী গড়াই পরিবহনের একটি বাস মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ঘটনাস্থলেই তুলি নিহত হন। গুরুতর আহত সোহেল কাজীকে স্থানীয়রা উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করেন। তাঁর শারীরিক অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

দুর্ঘটনার পর ক্ষুব্ধ স্থানীয়রা ওই সড়কে স্পিডব্রেকার নির্মাণের দাবিতে সড়ক অবরোধ করেন। এ সময় সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেন তারা। এতে বাইপাস সড়কে যান চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে যায় এবং উভয় পাশে যানবাহনের জট সৃষ্টি হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সঙ্গে কথা বলে অবরোধ তুলে দেয়। এরপর যান চলাচল স্বাভাবিক হয়।

ঝিনাইদহ সদর থানার ওসি আসাদউজ্জামান বলেন, মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত নারীর মরদেহ উদ্ধার করে সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আহত ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনার সঙ্গে জড়িত বাসটি আটক করা হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।