শৈলকুপায় ঘাস কাটার মেশিনে বিদ্যুৎস্পৃষ্টে স্বামী-স্ত্রীর মৃত্যু

0
শৈলকুপায় বিদ্যুৎস্পৃষ্টে স্বামী-স্ত্রীর মৃত্যুর খবর পেয়ে হাসপাতাল প্রাঙ্গণে স্বজন ও স্থানীয়দের ভিড়।। ছবি: সংগৃহীত

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের শৈলকুপায় গবাদিপশুর ঘাস কাটার বৈদ্যুতিক মেশিনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী-স্ত্রীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার সকালে উপজেলার মনোহরপুর ইউনিয়নের মাধবপুর গ্রামে নিজ বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন ওই গ্রামের অমরেন্দ্র নাথ ভৌমিক (৭০) ও তাঁর স্ত্রী মিনা রানী ভৌমিক (৬০)।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে অমরেন্দ্র নাথ ভৌমিক বাড়ির গোয়ালঘরে গবাদিপশুর খাবারের জন্য বৈদ্যুতিক মেশিনে ঘাস কাটছিলেন। এ সময় অসাবধানতাবশত তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ছটফট করতে থাকেন। স্বামীকে বিদ্যুৎস্পৃষ্ট অবস্থায় দেখে তাঁকে উদ্ধারের জন্য এগিয়ে যান স্ত্রী মিনা রানী। এ সময় তিনিও বিদ্যুতায়িত হয়ে গুরুতর আহত হন।

মাধবপুর গ্রামে যে বাড়িতে ঘাস কাটার মেশিনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দম্পতির মৃত্যু হয়, সেখানে শোকাহত প্রতিবেশী ও স্বজনদের উপস্থিতি।। ছবি: সংগৃহীত
পরে প্রতিবেশীরা ঘটনাটি টের পেয়ে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দুজনকে উদ্ধার করেন। দ্রুত তাঁদের শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. আসাদুজ্জামান জোহা বিষয়টি নিশ্চিত করে বলেন, হাসপাতালে আনার আগেই ওই দম্পতির মৃত্যু হয়েছে। অতিরিক্ত বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার কারণেই তাঁদের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

শৈলকুপা থানার ওসি হুমায়ুন কবির মোল্লা বলেন, এ ঘটনায় পুলিশ তদন্ত শুরু করেছে। যথাযথ আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

একসঙ্গে স্বামী-স্ত্রীর এমন মর্মান্তিক মৃত্যুর ঘটনায় মাধবপুর গ্রামসহ আশপাশের এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।