ইসলামাবাদে হাসপাতালে আগুন, ১৫ নবজাতকের মৃত্যু

0
পাকিস্তানের ইসলামাবাদে পিআইএমএস হাসপাতালের প্রসূতি বিভাগে এসি বিস্ফোরণে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৫ নবজাতকের মৃত্যু হয়েছে। মাত্র একটি শিশুকে জীবিত উদ্ধার করা সম্ভব হলেছে।। ছবি: সংগৃহীত

পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের পাকিস্তান ইনস্টিটিউট অব মেডিক্যাল সায়েন্সেস (পিআইএমএস) হাসপাতালের স্ত্রীরোগ ও প্রসূতি বিভাগে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ দুর্ঘটনায় নিবিড় পরিচর্যায় থাকা অন্তত ১৫ নবজাতকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার হাসপাতাল কর্তৃপক্ষের বরাত দিয়ে এ খবর নিশ্চিত করা হয়েছে।

হাসপাতাল সূত্রের বরাতে পিআইএমএসের কর্মকর্তারা জানান, দুর্ঘটনাকবলিত প্রসূতি ও শিশু স্বাস্থ্য কল্যাণ (এমসিএইচ) ওয়ার্ডের নবজাতকদের বিশেষ কক্ষে মোট ১৬টি শিশু ভর্তি ছিল। আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় মাত্র একটি শিশুকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে, বাকি ১৫ নবজাতক মারা যায়।

জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, হাসপাতালটির এমসিএইচ ওয়ার্ডের তৃতীয় তলায় আগুনের সূত্রপাত হয়। আগুনে ঘরটিতে থাকা ১৪টি শিশু পুরোপুরি দগ্ধ হয়। খবর পাওয়ার পরপরই ফায়ার সার্ভিসের ৬টি গাড়ি এবং ৪টি অ্যাম্বুলেন্স দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিভানোর কাজ শুরু করে ও উদ্ধার অভিযানে অংশ নেয়।

প্রাথমিক উদ্ধারকারী দলের সূত্র থেকে জানা গেছে, সকাল ৬টা ৪৫ মিনিটের দিকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। ধারণা করা হচ্ছে, কক্ষটিতে থাকা শীতাতপনিয়ন্ত্রণ যন্ত্রের (এসি) কম্প্রেসর আকস্মিক বিস্ফোরিত হওয়ার পর মুহূর্তে আগুন পুরো ঘরে ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিসের প্রচেষ্টায় বর্তমানে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে।

ভয়াবহ এই অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধান ও ঘটনাটি কীভাবে ঘটল তা পুঙ্খানুপুঙ্খভাবে খতিয়ে দেখতে অতিরিক্ত উপকমিশনারের নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।