ঝিনাইদহে বজ্রপাতে নারী ও পুরুষের মৃত্যু

0

 

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ ও মহেশপুর সংবাদদাতা॥ ঝিনাইদহের হরিণাকুন্ডু ও মহেশপুরে বজ্রাঘাতে নারী ও পুরুষের মৃত্যু হয়েছে।
ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলার জোড়াদহ ইউনিয়নের হরিশপুর গ্রামে বজ্রপাতে মধুমালা খাতুন (৪৫) নামের এক নারীর মৃত্যু হয়েছে। বুধবার দুপুরে এ ঘটনা ঘটে। মৃত মধুমালা খাতুন ওই গ্রামের মকছেদ আলীর স্ত্রী। স্থানীয়রা জানায়, বুধবার দুপুরে নিজ বাড়ির উঠানে কাজ করছিলেন মধুমালা খাতুন। হালকা মেঘের সাথে বজ্রপাত হচ্ছিলো। বৃষ্টি শুরু হলে বজ্রপাতে গুরুতর আহত হন তিনি। সেখান থেকে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
হরিণাকুন্ডু থানার ওসি সাইফুল ইসলাম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, মরদেহ পরিবারের কাছে রয়েছে।
অপরদিকে স্যালোমেশিন দিয়ে ধানের জমিতে পানি দেয়ার সময় বজ্রপাতে মতিয়ার রহমান (৩৮) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে বুধবার দুপুর ১টার দিকে ঝিনাইদহের মহেশপুর উপজেলার কাশিপুর গ্রামের মাঠে। নিহত কৃষক মতিয়ার রহমান মহেশপুর উপজেলার মান্দারবাড়ীয়া ইউনিয়নের কাশিপুর গ্রামের শরবত আলীর ছেলে।
এলাকাবাসী জানান, সকালে ধানের জমিতে পানি দেয়ার জন্য বাড়ি থেকে বের হন মতিয়ার রহমান। পরে দুপুরে হঠাৎ বৃষ্টির সাথে শুরু হয় বজ্রপাত। বজ্রপাতটি তার গায়ে পড়ায় মাঠেই তার মৃত্যু হয়।
ঘটনাটি নিশ্চত করে মান্দারবাড়ীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমিনুর রহমান জানান, বুধবার দুপুরে মতিয়ার রহমান নিজের শ্যালোমেশিন দিয়ে ধানের জমিতে পানি দেয়ার সময় বৃষ্টির সাথে বজ্রপাতে তার মৃত্যু হয়েছে।