ঝিনাইদহে নৌকার ভরাডুবি, ১৫ ইউপির ১০টিই স্বতন্ত্র

0

আসিফ কাজল, ঝিনাইদহ ॥ ঝিনাইদহের ১৫টি ইউনিয়নে গতকাল নির্বাচনে নৌকার বেশিরভাগ প্রার্থীর পরাজয় হয়েছে। বেসরকারি ফলাফলে ১০টিতে স্বতন্ত্র প্রার্থী ও ৫টিতে নৌকার প্রার্থী জয়ী হয়েছেন। নির্বাচনে নৌকা প্রতীকে সাগান্না ইউনিয়নে সাবেক চেয়ারম্যান মোজাম্মেল হক, গান্না ইউনিয়নে আতিকুল হাসান মাসুম, পোড়াহাটী ইউনিয়নে শহিদুল ইসলাম হিরণ, ফুরসন্দি ইউনিয়নে শিকদার শহিদুল ইসলাম ও ঘোরশাল ইউনিয়নে পারভেজ মাসুদ লিল্টন জয়ী হয়েছেন।
অপরদিকে ১০ স্বতন্ত্র প্রার্থী সাধুহাটী ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান কাজী নাজির উদ্দীন, মধুহাটী ইউনিয়নে আলতাফ হোসেন, হলিধানী ইউনিয়নে অ্যাডভোকেট এনামুল হক নিলু, কুমড়াবাড়িয়া ইউনিয়নে সিরাজুল করিম, মাহারাজপুর ইউনিয়নে খুরশিদ আলম, হরিশংকরপুর ইউনিয়নে ফারুকুজ্জামান ফরিদ, পদ্মাকর ইউনিয়নে বিকাশ বিশ্বাস, দোগাচী ইউনিয়নে গোলাম কিবরিয়া কাজল, কালীচরণপুর ইউনিয়নে জাহাঙ্গীর হোসেন ও নলডাঙ্গা ইউনিয়নে সাইফুল আলম খান রিপন বেসরকাররিভাবে নির্বাচিত হন। নির্বাচনকে সুষ্ঠু ও নিরপেক্ষ করতে জেলা প্রশাসন ও পুলিশ কঠোর অবস্থানে ছিল। ভোট কেন্দ্রে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়। গোয়েন্দা দিয়ে জরিপের মাধ্যমে ঝুকিপূর্ণ কেন্দ্র চিহ্নিত করে সেখানে নেওয়া হয় বিশেষ ব্যবস্থা। ঝিনাইদহ জেলা নির্বাচন অফিসার মোহা. আব্দুল ছালেক জানান, নির্বাচনে চেয়ারম্যানের ১৫টি পদে ৭২ জন, সাধারণ সদস্যের ১৩৫ পদে ৪৯৫ জন ও সংরক্ষিত মহিলা আসনের ৪৫টি পদের বিপরীতে ১৪৮ জন প্রতিদ্বন্দ্বিতা করেন। ১৫টি ইউনিয়নে মোট ভোটকেন্দ্র ছিল ১৪৮টি। স্থায়ী ও অস্থায়ী মিলে মোট ৮১০টি ভোট কক্ষে ভোট গ্রহণ করা হয়। ১৫টি ইউনিয়নে মোট ভোটার ২ লাখ ৫৩ হাজার ৫শ’। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ২৭ হাজার ৬৮৮ ও মহিলা ভোটার ১ লাখ ২৫ হাজার ৮১২ জন।