তপ্ত যশোরে শান্তির বৃষ্টি

স্টাফ রিপোর্টার, লোকসমাজ ॥ টানা প্রায় এক সপ্তাহের তীব্র তাপপ্রবাহ ও অসহনীয় গরমের পর অবশেষে স্বস্তির বৃষ্টি পেল যশোরবাসী। বৃহস্পতিবার ভরদুপুরে কালো মেঘে ঢেকে যায় পুরো আকাশ। দিনের আলো ক্রমেই ম্লান হয়ে সন্ধ্যার আবহ তৈরি হয়। এরপর শুরু হয় কাঙ্ক্ষিত বৃষ্টি, যা সন্ধ্যা পর্যন্ত অব্যাহত ছিল।

যশোর বিমান বাহিনীর মতিউর রহমান ঘাঁটি আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দুপুর ২টা ১২ মিনিটে বৃষ্টি শুরু হয়। বিকেল ৬টা পর্যন্ত জেলায় ২৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। একই সময়ে বাতাসের আর্দ্রতা ছিল ৯৫ শতাংশ।

সকালের দিকে যশোরে ছিল প্রচণ্ড গরম ও ভ্যাপসা আবহাওয়া। প্রয়োজন ছাড়া অনেকেই ঘর থেকে বের হননি। তবে দুপুরের পর থেকেই আকাশে কালো মেঘ জমতে শুরু করে। একপর্যায়ে সূর্যের আলো আড়াল হয়ে শহরজুড়ে নেমে আসে অন্ধকারাচ্ছন্ন পরিবেশ। এরপর শুরু হয় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত।

দীর্ঘদিনের দাবদাহে অতিষ্ঠ মানুষের কাছে এ বৃষ্টি হয়ে আসে স্বস্তির বার্তা। বৃষ্টির সঙ্গে তাপমাত্রাও উল্লেখযোগ্যভাবে কমে যায়। ফলে নগরজীবনে ফিরে আসে কিছুটা প্রশান্তি।

তবে স্বস্তির এই বৃষ্টি নতুন ভোগান্তিও ডেকে আনে। টানা বৃষ্টিতে শহরের টিবি ক্লিনিক এলাকা, ষষ্ঠীতলা, আশ্রম মোড়, শংকরপুর, খড়কি, বকচরসহ কয়েকটি নিম্নাঞ্চলে জলাবদ্ধতার সৃষ্টি হয়। অনেক সড়কে হাঁটুসমান পানি জমে যাওয়ায় যানবাহন চলাচল ব্যাহত হয়। দুর্ভোগে পড়েন পথচারীরাও।

স্থানীয়দের দাবি, বৃষ্টির পানি দ্রুত নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় প্রতি বর্ষাতেই নগরীর বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা তৈরি হয়। ফলে একদিকে বৃষ্টি স্বস্তি নিয়ে এলেও অন্যদিকে নগরবাসীকে পোহাতে হচ্ছে ভোগান্তি।