ঝিনাইদহে ধর্ষণ মামলায় সৎ বাবার যাবজ্জীবন

0

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ॥ ঝিনাইদহের মহেশপুর উপজেলায় তৃতীয় শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণ মামলায় তার সৎ বাবার যাবজ্জীবন কারাদণ্ডের রায় দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মিজানুর রহমান এ রায় দিয়েছেন বলে রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) বজলুর রহমান জানিয়েছেন।
দণ্ডপ্রাপ্ত  জয়নাল আবেদীনের (৫০) বাড়ি পঞ্চগড় জেলার তেঁতুলিয়া উপজেলার বোতাগাছ গ্রামে। তিনি মহেশপুরে  শ্বশুড় বাড়িতে থাকতেন।
মামলার নথির বরাতে পিপি বজলুর রহমান জানান, প্রথম স্বামীর সঙ্গে বনিবনা না হওয়ায় জয়নাল আবেদীনের সঙ্গে দ্বিতীয় বিয়ে হয় শিশুটির মায়ের। বিয়ের পর তিনি মেয়ে ও স্বামীকে নিয়ে বাবার বাড়িতে বসবাস করতে থাকেন।
ডায়াবেটিসের রোগী ওই নারী প্রতিদিনের মত ২০১৯ সালের ৫ সেপ্টেস্বর সকালে হাঁটতে বের হন। পরে বাড়িতে ফিরে দেখেন তার শিশু কন্যাকে ধর্ষণ করছে স্বামী জয়নাল আবেদীন।
এ সময় তার চিৎকারে অন্যরা এগিয়ে আসলে তাদের সহযোগিতায় জয়নুলকে আটক করা হয়।
ওই দিনই মহেশপুর থানায় শিশুটির মা বাদী হয়ে জয়নাল আবেদীনের বিরুদ্ধে ধর্ষণ মামলা দায়ের করেন। মামলার তদন্ত কর্মকর্তা সেই বছরের ১৬ ডিসেম্বর আদালতে অভিযোগপত্র জমা দেন। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে বৃহস্পতিবার আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড ও এক লাখ টাকা জরিমানা করেন আদালতের বিচারক।
দণ্ডপ্রাপ্ত আসামির স্থাবর-অস্থাবর সম্পত্তি বিক্রি করে জরিমানার টাকা আদালতে জমাদানের জন্য জেলা প্রশাসককে বলা হয়। জরিমানার টাকা ভিকটিমকে প্রদান করার কথাও রায়ে বলা হয়েছে।