ঝিনাইদহে গরু-ছাগলের হাট বন্ধ হোম কোয়ারেন্টাইনে ৫৫৩ জন

0

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ ॥ ঝিনাইদহে নতুন করে ৬৯ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। এদের মধ্যে বিদেশফেরত রয়েছেন ৬৬ জন। এ নিয়ে সারা জেলায় মোট হোম কোয়ারেন্টাইনে রাখা হলো ৫৫৩ জনকে। নতুন হোম কোয়ারেন্টাইনে সদর উপজেলায় ২০ জন, শৈলকুপায় ১৯, হরিণাকুন্ডুতে ২, কালীগঞ্জে ১৮, কোটচাঁদপুরে ৩ ও মহেশপুরে ৭ জনকে রাখা হয়েছে। এদিকে হোম কোয়ারেন্টাইনের মেয়াদ শেষ হওয়ায় স্বাভাবিকভাবে চলাচল করতে বলা হয়েছে ২১৮ জনকে। অন্যদিকে করোনাভাইরাস প্রতিরোধে জেলার ২৭টি পশুহাট বন্ধ ঘোষণা করেছে জেলা প্রশাসন। পাশাপাশি চায়ের কোদান থেকে শুরু করে সকল দোকানপাট থেকে টেলিভিশন অপসারণসহ গান-বাজনা বন্ধ রাখার নির্দেশনা দিয়ে মাইকিং করা হয়েছে। এ বিষয়ে ঝিনাইদহ জেলা প্রশাসক ও করোনা প্রতিরোধ কমিটির সভাপতি সরোজ কুমার নাথ জানান, সকল জনসমাগম নিষিদ্ধ করা হয়েছে। এ কারণেই চায়ের দোকানে টেলিভিশন অপসারণ, গান-বাজনা বন্ধ ঘোষণা করা হয়েছে। তিনি আরো জানান, ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিভিন্ন দোকান থেকে বেশ কিছু টেলিভিশন অপসারণ করে মালিকদের সতর্ক করা হয়েছে, যেনো দোকানে কোনো জনসমাগম না হয়। এ ছাড়া পশুহাট বন্ধে মাইকিং করা হয়েছে।