ঝিকরগাছা মাছবাজার সমিতির নির্বাচনের দুইটি ভোট হারিয়ে গেছে!

0

ঝিকরগাছা (যশোর) সংবাদদাতা॥ যশোরের ঝিকরগাছা মাছবাজার ক্ষুদ্র সমবায় সমিতি লিমিটেডের নির্বাচনে অনিয়মের অভিযোগ তুলে ফের ভোট গণনার দাবি জানিয়ে খুলনার জয়েন্ট রেজিস্ট্রারের বিভাগীয় সমবায় কার্যালয়ে লিখিত আবেদন করেছেন সামছুর রহমান-নুরন্নবী পরিষদের ৬ সদস্য। যার অনুলিপি দেয়া হয়েছে সমবায় প্রতিমন্ত্রী, যশোর জেলা সমবায় অফিসার ও ঝিকরগাছা উপজেলা নির্বাহী অফিসারকে।
অভিযোগ সূত্রে জানা গেছে, গত ১১ নভেম্বর ঝিকরগাছা মাছবাজার সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে দুটি প্যানেল সামছুর-নুরন্নবী পরিষদ ও নাজিম সরদার-সিরাজুল পরিষদের ৬ জন করে প্রার্থী (সভাপতি একজন, সহ-সভাপতি একজন, সাধারণ সম্পাদক একজনসহ ৩জন করে সদস্য) প্রতিদ্বন্দ্বিতা করে। নির্বাচনে ১৯৪ ভোটের মধ্যে ১৮২ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচনের ফলাফলে নাজিম সরদার-সিরাজুল পরিষদকে ৮৬ ভোট ও সামছুর রহমান-নুরন্নবী পরিষদ ৮৩ ভোট পেয়েছে বলে দেখানো হয়েছে। বাকি ১৩ ভোটের কোন হিসেব দেয়া হয়নি বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।
সামছুর-নুরন্নবী পরিষদের সভাপতি প্রার্থী সামছুর রহমান, সাধারণ সম্পাদক প্রার্থী নুরুন্নবী গাজী, সহসভাপতি প্রার্থী শাহাজাহান আলী, সদস্য প্রার্থী শামিম হোসেন, সাদ্দাম হোসেন ও আমিনুর রহমান জানিয়েছেন, নির্বাচনের প্রিজাইডিং অফিসার উপজেলা সমবায় অফিসার সালাউদ্দিন আহম্মেদের সাথে যোগসাজসে নাজিম সরদার-সিরাজুল পরিষদ নির্বাচিত হয়েছে। এছাড়া সংগঠনটি মৎস্য বিভাগের হলেও প্রিজাইডিং অফিসার নির্বাচন সংক্রান্ত কোন চিঠি উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা দেননি। ফলে নির্বাচনের ফলাফল বাতিল করে ভোট গণনাসহ সমবায় আইন ও বিধি মোতাবেক সুষ্টু তদন্তের মাধ্যমে বিষয়টি আইনগতভাবে সমাধানের জন্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন সামছুর-নুরুন্নবী পরিষদের সভাপতি প্রার্থী সামছুর রহমান।
এ ব্যাপারে প্রিজাইডিং অফিসার উপজেলা সমবায় অফিসার সালাউদ্দিন আহমেদ বলেন,নির্বাচনে ১৮২ ভোট পড়লেও সামছুর রহমান-নুরন্নবী পরিষদকে ৮৩-৮৬ ভোটের ব্যাবধানে নাজিম সরদার-সিরাজুল পরিষদ নির্বাচিত হয়। এছাড়া ১১টি ভোট নষ্ট ও ২টি ভোট হারিয়ে গেছে।