ন্যাশনাল ব্যাংকের উদ্যোগে যশোরে কৃষকদের মাঝে জামানতবিহীন ঋণ বিতরণ

0
ছবি: লোকসমাজ।

স্টাফ রিপোর্টার ॥ কৃষি উৎপাদন বৃদ্ধি, জীবনমান উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি ও অর্থনৈতিক প্রবৃদ্ধি নিশ্চিত করার লক্ষ্যে যশোরে প্রান্তিক কৃষকদের মাঝে জামানতবিহীন ঋণ বিতরণ করা হয়েছে।

শনিবার বিকেল ৫ টায় ডা. আব্দুর রাজ্জাক মিউনিসিপ্যাল কলেজ মাঠ প্রাঙ্গণে ন্যাশনাল ব্যাংক পিএলসি এই ঋণ বিতরণ কর্মসূচির আয়োজন করে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ন্যাশনাল ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবু জাফর।

এসময় প্রধান অতিধি বলেন, দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণে কৃষি উৎপাদন বৃদ্ধি ও কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে প্রথম পর্যায়ে একশ জন প্রান্তিক কৃষকের মাঝে ঋণ বিতরণ শুরু হয়েছে। এই কার্যক্রমে জামানতবিহীন ও স্বল্পসুদে কৃষকদের মাঝে ঋণ দেওয়া হচ্ছে। কৃষকদের আর্থিক ও সামাজিক মান উন্নয়ন করাই আমাদের মূল লক্ষ্য। প্রাথমিক পর্যায়ে একশ জন কৃষকের মাঝে এক কোটি টাকা ঋণ বিতরণ করা হয় এবং পর্যায়ক্রমে এই কার্যক্রম চলমান থাকবে।

ছবি: লোকসমাজ।

ন্যাশনাল ব্যাংক পিএলসি খুলনা অঞ্চলের ভাইস প্রেসিডেন্ট কাজী মাহমুদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক সমরেন বিশ্বাস এবং ন্যাশনাল ব্যাংক পিএলসির উপব্যবস্থাপনা পরিচালক মেশকাত-উল-আনোয়ার খান।

উল্লেখ্য, বাংলাদেশ ব্যাংকের নিজস্ব তহবিল থেকে ন্যাশনাল ব্যাংক পিএলসির মাঝে কৃষি ও পল্লী খাতের জন্য পুনঃঅর্থায়ন স্কিমের আওতায় আবর্তনযোগ্য দশ হাজার কোটি টাকা কৃষকদের মাঝে ঋণ সুবিধা হিসেবে দেওয়া হবে।

ন্যাশনাল ব্যাংক খুলনা অঞ্চলের অধীনে যশোর জেলাসহ খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট, মাদারীপুর, রাজবাড়ী, ফরিদপুর, কুষ্টিয়া, নড়াইল এবং ঝিনাইদহ জেলার তেইশটি শাখা ও আটটি উপশাখার মাধ্যমে এই ঋণ বিতরণ করা হবে।