ঝিকরগাছায় রাতে মুন্নির বাড়িতে হামলা কেয়ারটেকার জখম, সন্ত্রাসী আটক

0

ঝিকরগাছা (যশোর) সংবাদদাতা ॥ ঝিকরগাছায় উপজেলা বিএনপির সভাপতি ও বিএনপির কেন্দ্রীয় সদস্য সাবিরা নাজমুল মুন্নির বাড়িতে হামলা হয়েছে। ইয়াছিন হোসেন মানিক (৩০) নামের এক সন্ত্রাসী গত মঙ্গলবার মধ্য রাতে এ হামলা চালায়।

হামলাকারী ইয়াছিন হোসেন মানিক পৌর সদরের পুরান্দরপুর (বিহারিপাড়া) গ্রামের মুনির হোসেনের ছেলে। সে ওই রাতে সাবিরা নাজমুল মুন্নির বাড়িতে প্রবেশ করে। পরে ওই সন্ত্রাসী বাড়ির কেয়ারটেকার ইমদাদুল হক ও তার স্ত্রী পিনজিরা বেগমকে জিম্মি করে। ওই সন্ত্রাসীর হামলায় কেয়ারটেকার ইমদাদুল হকের স্ত্রী পিনজিরা বেগম (৫০) আহত হন।

এ সময় কৌশলে কেয়ারটেকার ইমদাদুল হক উপজেলা বিএনপির সাবেক সভাপতি শহীদ নাজমুল ইসলামের চাচাতো ভাই আরমান হোসেন কামনকে মোবাইল ফোনে বিষয়টি জানান। দ্রুত সময়ের মধ্যে লোকজন ঘটনাস্থলে পৌছালে সন্ত্রাসী ইয়াছিন হোসেন মানিক ধারালো বটি নিয়ে তাদেরকে ধাওয়া করে এবং একপর্যায়ে গেট টপকিয়ে পালিয়ে যায়।

এ সময় বাড়ির লোকজনের চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসে। গ্রামবাসীর সহযোগিতায় ইয়াছিন হোসেন মানিককে বাড়ির পাশের বাগানে খুঁজে পাওয়া যায়। পরে খবর পেয়ে ঝিকরগাছা থানা পুলিশ তাকে হেফাজতে নেয়।

ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আবু সাঈদ জানান, আটক ইয়াছিন হোসেন মানিকের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।