ঝিকরগাছায় মতবিনিময়সভায় নবাগত জেলা প্রশাসক আমাদের ওপর দেওয়া দায়িত্ব আমানত হিসেবে পালন করতে হবে

0

তরিকুল ইসলাম, ঝিকরগাছা (যশোর) ॥ যশোরের নবাগত জেলা প্রশাসক মো. আজাহারুল ইসলাম বুধবার ঝিকরগাছায় বিভিন্ন দফতরের কর্মকর্তা ও সুধীজনের সাথে মতবিনিময় সভা করেছেন। সভায় তিনি সরকারি কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশে বলেন, আমাদের ওপর দেওয়া দায়িত্ব আমানত হিসেবে পালন করতে হবে। সরকারি নিয়মের বাইরে গেলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। ছাত্র-জনতার আন্দোলনে শহীদদের রক্তের বিনিময়ে অর্জিত নতুন পরিবর্তিত দেশে নিজেদের পাল্টাতে হবে। কোনো দুর্নীতি অনিয়ম চলতে দেওয়া হবে না।

বুধবার বেলা সাড়ে ১১টায় ঝিকরগাছা উপজেলা পরিষদ কনফারেন্স রুমে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সুধীজনের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন নবাগত জেলা প্রশাসক। এর আগে অনুষ্ঠানের শুরুতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত ঝিকরগাছার ইমতিয়াজ আহম্মেদ জাবিরসহ সকল শহীদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ভুপালী সরকারের সভাপতিত্বে ও সহকারী কমিশনার (ভূমি) কে এম মামুনুর রশীদের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) ইব্রাহিম আলী, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম-আহ্বায়ক খোরশেদ আলম, ইমরান হাসান সামাদ নিপুন, উপজেলা জামায়াতে ইসলামী আমীর অধ্যাপক হারুণ অর রশীদ, সেক্রেটারি মাওলানা আব্দুল আলীম, ইসলামী আন্দোলন বাংলাদেশের সেক্রেটারি আব্দুর রশিদ, গঙ্গানন্দপুর কলেজের অধ্যক্ষ জয়ন্ত কুমার বিশ্বাস, ঝিকরগাছা মহিলা কলেজের উপাধ্যক্ষ ইলিয়াস উদ্দীন, ঝিকরগাছা বিএম হাইস্কুলের প্রধান শিক্ষক আব্দুস সামাদ, সরকারি এম এল মডেল হাইস্কুলের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মাহবুবুর রহমান মন্টু,বাঁকড়া ইউপি চেয়ারম্যান আনিস উর রহমান, দৈনিক লোকসমাজের ঝিকরগাছা প্রতিনিধি তরিকুল ইসলাম, ডিজিএম মেজবাহ উদ্দীন, মাধ্যমিক শিক্ষা অফিসার এম কামরুজ্জামান জাহাঙ্গীর, মহিরা বিষয়ক কর্মকর্তা অনিতা মল্লিক, ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স কর্মকর্তা নয়ন বাবু, ছাত্রের পক্ষে সাজ্জাত শাহারিয়ার।