ঝিকরগাছায় বিএনপির নেতা নির্বাচন আজ

0

ঝিকরগাছা (যশোর)সংবাদদাতা॥ আজ ২৬ অক্টোবর ঝিকরগাছা উপজেলা বিএনপির নেতা নির্বাচন করা হবে। নির্বাচনে ৪পদে লড়ছেন ১০ প্রার্থী। ঝিকরগাছা বিএম হাইস্কুলে সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। দীর্ঘ ১৫ বছর পর এবারের নেতা নির্বাচনে সভাপতি পদে ২জন, সাধারণ সম্পাদক পদে ৩জন ও ২টি সাংগঠনিক সম্পাদক পদে ৫জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
প্রার্থীরা হলেন, সভাপতি পদে উপজেলা বিএনপির সদ্যবিদায়ী আহ্বায়ক ও সাবেক ৩বারের সাধারণ সম্পাদক মোর্তজা এলাহী টিপু ও বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য, সাবেক উপজেলা চেয়ারম্যান সাবিরা নাজমুল মুন্নি। এছাড়া সাধারণ সম্পাদক পদে উপজেলা বিএনপির সদ্যবিদায়ী যুগ্ম-আহ্বায়ক ও সাবেক ইউপি চেয়ারম্যান খোরশেদ আলম, উপজেলা বিএনপির সদ্যবিদায়ী যুগ্ম-আহ্বায়ক ও উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক ইমরান হাসান সামাদ নিপুন, উপজেলা বিএনপির সদ্যবিদায়ী যুগ্ম-আহ্বায়ক ও সাবেক কেন্দ্রীয় ছাত্রদলের সহসম্পাদক আশফাকুজ্জামান খান রনি প্রতিদ্বন্দ্বিতা করছেন।
অপরদিকে ২টি সাংগঠনিক সম্পাদক পদে পানিসারা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সভাপতি কাজী আব্দুস সাত্তার, উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও যুবদলের সাবেক সভাপতি গোলাম কাদের বাবলু, উপজেলা বিএনপির সদ্যবিদায়ী যুগ্ম-আহ্বায়ক ও পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক নুরুন্নবী মুরাদ, উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও সাবেক কৃষকদলের সাধারণ সম্পাদক এনামুল হক, উপজেলা বিএনপির সাবেক সভাপতি, সাবেক সাধারণ সম্পাদক মরহুম জালাল উদ্দিন আহম্মেদের বড় ছেলে জেলা যুবদলের সদস্য ও উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সাবেক সদস্য শাহিন আহম্মেদ লড়ছেন। এবারের নেতা নির্বাচনে উপজেলার ১১টি ইউনিয়নের ৭১জন করে মোট ৭৮১জন কাউন্সিলর গোপন ব্যালটের মাধ্যমে তাদের নেতা নির্বাচন করবেন।