ঝিকরগাছায় প্রতিবন্ধীর জমি লিখে নেয়ার অভিযোগ

0

ঝিকরগাছা (যশোর) সংবাদদাতা॥ যশোরের ঝিকরগাছায় আপন চাচা ও চাচাতো ভাই প্রতিবন্ধী শরিফুল ইসলামের ৭৫ শতক জমি রেজিস্ট্রি করে নিয়েছেন বলে থানায় অভিযোগ দেয়া হয়েছে। ঘটনাটি ঘটেছে, ঝিকরগাছা উপজেলার নির্বাসখোলা ইউনিয়নের আশিংড়ী গ্রামে। ঘটনা জানাজানি হলে প্রতিবন্ধী শরিফুল ইসলামের বোন পারুল বেগম বাদি হয়ে চাচাতো ভাই কামাল হোসেন ও চাচা অজেত আলীর বিরুদ্ধে ঝিকরগাছা থানায় একটি লিখিত অভিযোগ করা হয়েছে।
অভিযোগ সূত্রে জানা গেছে, গত ৭ ফেব্রুয়ারি প্রতিবন্ধী শরিফুল ইসলামকে ফুসলিয়ে জমির খাজনা পরিশোধ করার কথা বলে চাচা অজ্জেত আলী ও চাচাতো ভাই কামাল হোসেন তাকে বাড়ি থেকে ঝিকরগাছা সাব-রেজিস্ট্রি অফিসে নিয়ে যান। অতঃপর রাজারডুমুর গ্রামের বাসিন্দা মোহরার জালালউদ্দিনের যোগসাজসে ঝিকরগাছা থানাধীন মৌজা-জে এল নং-১২৪, আশিংড়ী খতিয়ান নং-১১০, ৪৭,১৮২, দাগ নং-৩৪৬, ৩৮১,০৬সহ অন্যান্য দাগের মোট ৭৫ শতক জমি চাচাতো ভাই কামাল হোসেনের নামে রেজিস্ট্রি করে নেন। চুরি করে জমি রেজিস্ট্রি করে নেয়ার বিষয়টি জানতে পেরে প্রতিবন্ধী শরিফুল ইসলামের বোন পারুল বেগম গত ১৭ এপ্রিল শ্বশুরবাড়ি পদ্মপুকুর গ্রাম থেকে পিত্রালয়ে আশিংড়ী গ্রামে গিয়ে তার চাচা ও চাচাতো ভাইয়ের নিকট জানতে চাইলে ওই জমি ছেড়ে দিতে বললে তাকে খুন- জখমের হুমকি প্রদানসহ কুড়াল দিয়ে কোপাতে আসেন বলেও থানায় করা লিখিত অভিযোগে উল্লেখ করা হয়েছে। এদিকে অভিযোগের প্রেক্ষিতে ঝিকরগাছা থানার এসআই গৌতম পালসহ শিওরদাহ ফাঁড়ি পুলিশ দু’দফা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। জানতে চাইলে প্রতিবন্ধী শরিফুল ইসলামের চাচা অভিযুক্ত অজ্জেত আলী বলেন, প্রতিবন্ধী শরিফুল ইসলামকে আমি ভরণপোষণ দিয়ে বড় করেছি। তাই জমি লিখে নিয়েছি। জমি লিখে নেয়ার বিষয়টি ইসলামী সরিয়া মোতাবেক সহি হয়েছে কিনা জানতে চাইলে তিনি বলেন, যেহেতু ওর বোন পারুল প্রতিবন্ধী ভাইয়ের কোন খোঁজ-খবর রাখেন না তাই আমরা জমি লিখে নিয়েছি। তবে অভিযুক্ত কামাল হোসেন ও মোহরার জালাল উদ্দিনের মোবাইলে ফোনে বারবার ফোন দিলেও তারা ফোন রিসিভ করেননি।