ঝিকরগাছায় প্রতারণার অভিযোগে জনৈক নজরুলের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

0
ছবি: সংগৃহীত।

ঝিকরগাছা (যশোর) সংবাদদাতা ॥ ঝিকরগাছায় জনৈক নজরুল ইসলামের বিরুদ্ধে জমি নিয়ে প্রতারণা ও মিথ্যা সংবাদ প্রকাশের অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী মাজহারুল পারভেজ সাজ্জাদ। বৃহস্পতিবার ঝিবকরগাছা প্রেস ক্লাবে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন, জমির প্রকৃত মালিক মরহুম আলী হোসেনের দৌহিত্র মাজহারুল পারভেজ সাজ্জাদ। এ সময় আরও উপস্থিত ছিলেন, মরহুম আলী হোসেনের ছেলে মো. আলাউদ্দিন এবং তার মামা আবুল কালাম।

লিখিত বক্তব্যে মাজহারুল পারভেজ সাজ্জাদ অভিযোগ করেন, ঝিকরগাছা উপজেলার নাভারণ ইউনিয়নের রঘুনাথপুর (ডাংগী) গ্রামের বাসিন্দা নজরুল ইসলাম ও তার ভাই ইকবাল হোসেন নিজেদের সাংবাদিক পরিচয় দিয়ে প্রতারণার মাধ্যমে তাদের পৈত্রিক ৮ দশমিক ৪০ শতক জমি অন্যের কাছে বিক্রি করে দিয়েছে।
জমি দখলে বাধা দিতে গেলে অভিযুক্তরা তাকে ও তার পরিবারের সদস্যদের মারধর ও প্রাণনাশের হুমকি দেয়।

পরবর্তীতে থানায় অভিযোগ করা হলে পরদিন বিভিন্ন অনলাইন পত্রিকা ও ফেসবুক আইডির মাধ্যমে আলাউদ্দিন ও তার মামার বিরুদ্ধে বিভ্রান্তিকর ও মিথ্যা সংবাদ প্রচার করে নজরুল ইসলাম।

সংবাদ সম্মেলনে আরও দাবি করা হয়, জমি সংক্রান্ত বিরোধের বিষয়টি বর্তমানে আদালতে বিচারাধীন রয়েছে। এরপরও অভিযুক্তরা বিভিন্নভাবে ভয়ভীতি প্রদর্শন, জমি দখলের চেষ্টা এবং মিথ্যা তথ্য ছড়িয়ে হয়রানি অব্যাহত রেখেছে।

এ সময় ভুক্তভোগীরা প্রশাসনের কাছে অভিযোগের সুষ্ঠু তদন্ত করে প্রকৃত ঘটনা উদঘাটন, জমি প্রতারণার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ, মিথ্যা সংবাদ প্রচার বন্ধ এবং তাদের পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান।