ঝিকরগাছায় পিয়াল হত্যার ঘটনায় আটক ১

0

 

স্টাফ রিপোর্টার ॥ যশোরের ঝিকরগাছায় পিয়াল হাসান হত্যার ঘটনায় গত শনিবার রাতে ১০ জনের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। নিহতের পিতা কিতাব আলী মামলাটি করেছেন। পুলিশ এই হত্যার সাথে জড়িত সন্দেহে গত রোববার রাতে ফয়সাল আহম্মেদ তুষার (২৭) নামে এক যুবককে আটক করেছে। গতকাল সোমবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। ফয়সাল আহম্মেদ তুষার ঝিকরগাছা উপজেলার মোবারকপুর গ্রামের আব্দুল মান্নানের ছেলে।
ওই মামলার এজাহারভুক্ত আসামিরা হলেন, মোবারকপুর গ্রামের আমিরুল ইসলামের ছেলে রিপন হোসেন (৩০) ও ডালিম হোসেন (৩৪), কামারুল ইসলামের ছেলে শাহিন হোসেন (২৫) ও শামীম রেজা (৩২), নজরুল ইসলাম নজুর ছেলে মেহেদী হাসান (২৪), ইয়াকুব আলীর ছেলে সোহেল (৩০), আব্দুল মান্নানের ছেলে তরুন হোসেন (২৫), সোবহানের ছেলে আইয়ুব হোসেন (২৪), মৃত বকুল সরদারের ছেলে নুরুজ্জামান বাবু (সাবেক পৌর কমিশনার) (৪৩) ও মৃত শমসেরের ছেলে আমিরুল ইসলাম (৫৮)।
মামলায় কিতাব আলী উল্লেখ করেছেন, তাদের এবং আসামিদের বাড়ি একই এলাকায়। আসামিদের সাথে তাদের পারিবারিক ও সামজিক অবস্থান নিয়ে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলে আসছে। গত ৯ নভেম্বর দুপুরে কিতাব আলীর বড় ছেলে পিয়াল ঝিকরগাছা বাজার থেকে মোবারকপুর গ্রামে বাড়িতে ফিরছিলেন। পথে ঝিকরগাছা বাজারস্থ পুরাতন মিতালী হল রোডে পৌঁছালে পূর্ব বিরোধের জের ধরে উল্লিখিত আসামিরা পিয়ালকে হত্যার উদ্দেশ্যে ককটেলের বিস্ফোরণ ঘটায়। তখন প্রাণভয়ে পিয়াল ঝিকরগাছা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের দিকে দৌঁড় দেন। এ সময় আসামিরাও তার পিছু নেন এবং বিদ্যালয়ে ঢুকে গাছিদা দিয়ে তাকে এলোপাতাড়ি কোপান। এতে ঘটনাস্থলেই মারা যান পিয়াল।
পুলিশ জানায়, মামলার তদন্ত কর্মকর্তা ঝিকরগাছা থানার ইনসপেক্টর (তদন্ত) মো. আবু সাঈদ হত্যার সাথে জড়িত সন্দেহে গত রোববার দিবাগত রাতে মোবারকপুর গ্রামে অভিযান চালিয়ে ফয়সাল আহম্মেদ তুষার নামে এক যুবককে আটক করেন। সোমবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।