ঝিকরগাছায় দুটি ডেন্টাল ক্লিনিকে ৫০ হাজার টাকা জরিমানা

0

ঝিকরগাছা (যশোর) সংবাদদাতা ॥ ভুল চিকিৎসা ও ত্রুটিপূর্ণ কাগজপত্রের কারণে যশোরের ঝিকরগাছায় দুটি ডেন্টাল ক্লিনিকে মোট ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার দুপুরে সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক নাভিদ সারওয়ারের নেতৃত্বে এই অভিযান চালানো হয়।

অভিযানকালে ঝিকরগাছা বাসস্ট্যান্ড এলাকার মডার্ন ডেন্টাল ক্লিনিকে ২০ হাজার এবং আল-আমিন ডেন্টাল কেয়ারে ৩০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। ক্লিনিক দুটির বিরুদ্ধে চিকিৎসা প্রদানে ত্রুটি ও প্রয়োজনীয় কাগজপত্র না থাকার অভিযোগ ছিল।

এ সময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুর রশিদ, থানার এসআই কামাল হোসেন, স্যানিটারি ইন্সপেক্টর শরিফ মো. আব্দুল মতিনসহ থানা পুলিশ ও স্বাস্থ্য বিভাগের কর্মীরা উপস্থিত ছিলেন।