ঝিকরগাছায় ঘরে চুরির অভিযোগে আদলতে মামলা ভিক্ষুকের

0

স্টাফ রিপোর্টার ॥ যশোরের ঝিকরগাছার রোগাক্রান্ত শুকুর আলী বিভিন্ন স্থানে ঘুরে ঘুরে ভিক্ষা করেন। তার ভিক্ষাবৃত্তির সঞ্চিত অর্থসহ সোনার অলঙ্কার চুরি হয়েছে বলে অভিযোগ করা হচ্ছে। এ ঘটনায় ৫ জনকে আসামি করে শুকুর আলী মঙ্গলবার আদালতে মামলা করেছেন। যশোরের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. মঞ্জুরুল ইসলাম অভিযোগ আমলে নিয়ে তদন্তপূর্বক প্রতিবেদন দাখিলের জন্য ঝিকরগাছা থানা পুলিশের ওসিকে আদেশ দিয়েছেন।
অভিযুক্তরা হলেন, ঝিকরগাছা উপজেলার কায়েমকোলা গ্রামের সানু গোলদারের ছেলে মো. সবুজ, আব্দুল জলিল, মুজিবর রহমান, মেয়ে রেবেকা খাতুন ও আলাউদ্দিনের ছেলে ভুট্টো। একই উপজেলার মনোহরপুর গ্রামের বাসিন্দা শুকুর আলীর অভিযোগ, তিনি বয়স্ক ব্যক্তি এবং রোগাক্রান্ত। যশোর শহরের বিভিন্ন স্থানে ও আদালত প্রাঙ্গণে ঘুরে ঘুরে ভিক্ষাবৃত্তি করেন। এর মাধ্যমে তিনি জীবিকা নির্বাহ করে থাকেন। তার ভিক্ষাবৃত্তির মাধ্যমে অর্জিত অর্থ তিনি বাড়িতে আলমারিতে রেখে দেন। আসামিরা তার পাশের গ্রামের মানুষ। তার অর্থের প্রতি তাদের লোলুপ দৃষ্টি পড়ে। নানা ছলছুতোয় তারা তার সাথে সখ্য গড়ে তোলেন। তারা তার বাড়িতে যাওয়া আসা করতেন। গত ৫ জানুয়ারি দুপুর ২টার দিকে তিনি বাড়িতে ছিলেন না। এই সুযোগে তারা ঘরে ঢুকে তালা ভেঙে আলমারি থেকে ৪০ হাজার ৫শ টাকা এবং সোনার ২টি আংটি ও স্ত্রীর গলার হার চুরি করে নিয়ে যান। ভাঙচুরের শব্দ শুনে আশপাশের লোকজন ছুটে এলে আসামিরা দ্রুত সেখান থেকে চলে যান। বিষয়টি জানতে পেরে তিনি আসামিদের বাড়িতে গেলে তারা চুরির কথা স্বীকার করেন। টাকা ও সোনার অলঙ্কার ফেরত চাইলে তারা তাকে ভয়ভীতি প্রদর্শন এমনকী হুমকিও দেন। ফলে কোনো উপায় না পেয়ে আদালতের দ্বারস্থ হয়েছেন তিনি।