ঝিকরগাছায় ক্রিকেট প্র্যাকটিস শেষে বাড়ি ফিরে এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু

0
ঝিকরগাছার বাঁকড়ায় অকাল প্রয়াত এসএসসি পরীক্ষার্থী তাইয়ান ইসলাম ।। ছবি: সংগৃহীত

লোকসমাজ ডেস্ক ॥ যশোরের ঝিকরগাছায় ক্রিকেট প্র্যাকটিস শেষে বাড়ি ফিরে হৃদরোগে আক্রান্ত হয়ে তাইয়ান ইসলাম (১৭) নামে এক এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে। শনিবার (০৩ জানুয়ারি) দুপুরে উপজেলার বাঁকড়া-আলীপুর গ্রামে এই হৃদয়বিদারক ঘটনাটি ঘটে।

নিহত তাইয়ান ইসলাম বালিয়াডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক এস এম মনিরুল ইসলামের একমাত্র ছেলে। সে বাঁকড়া জে কে মাধ্যমিক বিদ্যালয়ের এবারের এসএসসি পরীক্ষার্থী ছিল।

তাইয়ানের চাচা বাঁকড়া ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক এস এম আমিরুল ইসলাম জানান, তাইয়ান অত্যন্ত মেধাবী ও ক্রিকেট অনুরাগী ছিল। আজ সকালেও সে বন্ধুদের সঙ্গে ক্রিকেট প্র্যাকটিসে অংশ নেয়। খেলা শেষে দুপুরে বাড়িতে ফেরার পর হঠাৎ বুকে তীব্র ব্যথা অনুভব করার কথা জানায়। পরিবারের সদস্যরা দ্রুত তাকে বাঁকড়া বাজারের একটি বেসরকারি ক্লিনিকে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, আগামীকাল রবিবার সকাল সাড়ে ১০টায় বাঁকড়া জে কে মাধ্যমিক বিদ্যালয় মাঠে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।