ঝিকরগাছায় ইউনিয়ন পরিষদের কাগজ পুড়িয়ে ফেলার প্রতিবাদে মানববন্ধন

0

ঝিকরগাছা (যশোর) সংবাদদাতা ॥ ঝিকরগাছায় ইউনিয়ন পরিষদের (ইউপি) গুরুত্বপূর্ণ কাগজপত্র পুড়িয়ে ফেলার অভিযোগে দুই ইউপি সদস্যের বিরুদ্ধে মানববন্ধন হয়েছে। গদখালী ইউনিয়নবাসীর ব্যানারে শনিবার বিকেল ৪টা থেকে ৫টা পর্যন্ত ঘন্টাব্যাপী ইউনিয়ন পরিষদের সামনে এই মানববন্ধন হয়।
মানবন্ধনে উপস্থিত বক্তারা বলেন, গত ৭ নভেম্বর ভোরে গদখালী ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শাহাজাহান আলী মোড়ল ট্রেন দুর্ঘটনায় নিহত হন। পরিবারসহ স্থানীয় জনপ্রতিনিধিরা যখন চেয়ারম্যান শাহাজাহান আলী মোড়লের দাফন-কাফনের কাজ নিয়ে ব্যস্ত, ঠিক সেসময় ইউনিয়ন পরিষদের ১নং ওয়ার্ডের সদস্য রিপার হোসেন ও ৪নং ওয়ার্ডের সদস্য শাহিন ইউনিয়ন পরিষদে এসে চেয়ারম্যান শাহাজাহান আলী মোড়লের স্বাক্ষর করাসহ গুরুত্বপূর্ণ কাগজপত্র পুড়িয়ে ফেলে উল্লাস করে।
বেনেয়ালী এফজেইউবি মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির বেশ কয়েকবারের সভাপতি, ইউপি চেয়ারম্যান শিক্ষানুরাগী, সমাজসেবকের মৃত্যুতে উল্লিখিত ব্যক্তিদ্বয়ের এমন কর্মকা-ে ইউনিয়নবাসী ক্ষোভে এই মানববন্ধনের আয়োজন করেছেন। মানববন্ধনে সভাপতিত্ব করেন, ইউপি সদস্য আজিম উদ্দিন। এসময় বক্তব্য রাখেন, ঝিকরগাছা উপজেলা যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম খোকন, সদ্য প্রয়াত ইউপি চেয়ারম্যান শাহাজাহান আরী মোড়লের ভাইপো আইনজীবী অ্যাড. আব্দুল্লাহ আল মামুন, ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক শাহাদুজ্জামান ডালিম, ৩নং ওয়ার্ডের ইউপি সদস্য আসাদুজ্জামান আসাদ, ২নং ওয়ার্ডের ইউপি সদস্য কবির হোসেন মিলন, ৮নং ওয়ার্ডের ইউপি সদস্য আবুল কাশেম, সংরক্ষিত ২ নং ওয়ার্ডের ইউপি সদস্য কাঞ্চন বেগম, সংরক্ষিত ৩নং ওয়ার্ডের ইউপি সদস্য সখিনা বেগম, সাবেক ইউপি সদস্য রফিকুল ইসলাম, নুর হোসেন, তাজ উদ্দিন, মনির হোসেন, শাহিনুর রহমান, যুবলীগ নেতা মুনশি আবুল ইসলাম, রেশমা খাতুন, শাহিন আহমেদ প্রমুখ।
এর আগে গত ১৪ নভেম্বর উল্লিখিত ঘটনার বিচার দাবি করে ২নং ওয়ার্ডের সদস্য হুমায়ুন কবীর মিলন বাদী হয়ে ঝিকরগাছা উপজেলা নির্বাহী অফিসার বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। ব্যাপারে অভিযুক্ত ১নং ওয়ার্ডের সদস্য রিপার হোসেনের কাছে জানতে চাইলে বলেন, ইউপি চেয়ারম্যান শাহাজাহান আলী মোড়ল মৃত্যুবরণ করায় তিনি বর্তমানে ওই গদখালী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান। প্যানেল চেয়ারম্যানের দায়িত্ব পালন করার আগেই একটি মহল তার বিরুদ্ধে মিথ্যা, বানোয়াট ভিত্তিহীন অভিযোগ তুলেছেন। যা অপপ্রচার বলেও জানান তিনি।