ঝিকরগাছার মিম হত্যা মামলায় গ্রেফতাকৃত ৫ জন কারাগাওে

0
ছবি: সংগৃহীত।

স্টাফ রিপোর্টার ॥ যশোরের ঝিকরগাছায় আলোচিত ব্যবসায়ী আবু হুরাইরা মিম হত্যা মামলায় ৫জনকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার বিকেলে তাদেরকে আদালতে সোপর্দ করা হলে বিচারক কারাগারে পাঠানোর আদেশ দেন।

এদের মধ্যে এজাহারভুক্ত আসামিরা হলেন, উপজেলার কীর্তিপুর গ্রামের নুর ইসলামের ছেলে আমিনুর ইসলাম, মৃত গোলাম হোসেনের ছেলে ওহিদুল ইসলাম, মল্লিকপুর গ্রামের আব্দুল মান্নানের ছেলে বুলু হোসেন এবং কীর্তিপুর গ্রামের আব্দুল আলিমের ছেলে রাকিবুল ইসলাম শান্ত। এছাড়া এ ঘটনায় সন্দেহভাজন হিসেবে আটক করা হয়েছে মল্লিকপুর গ্রামের আমজেদ হোসেনের ছেলে জুয়েল হোসেনকে।

পুলিশ জানায়, নিহত ব্যবসায়ী আবু হুরাইরা মিম ঝিকরগাছা উপজেলার কীর্তিপুর এলাকার বাসিন্দা ছিলেন। গত ২০ মে রাত সাড়ে ৮টার দিকে তিনি বাড়ি থেকে শ্বশুরবাড়ির উদ্দেশ্যে বের হন। পরদিন সকালে কীর্তিপুর এলাকার একটি বাঁশবাগান থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় নিহতের ছোট ভাই মুশফিকুর রহমান ফাহাদ বাদী হয়ে ঝিকরগাছা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

তদন্ত কর্মকর্তা আদালতে উল্লেখ করেন, হত্যাকাণ্ডের প্রকৃত রহস্য উদঘাটনে ভিকটিমের মোবাইল ফোনের কললিস্ট বিশ্লেষণ করা হয়েছে। পাশাপাশি বাদী, সাক্ষী ও গোপন সংবাদের তথ্য পর্যালোচনা করে এই মামলায় জড়িত সন্দেহে ওই পাঁচজনকে গ্রেফতার করা হয়।

ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ গোলাম কিবরিয়া হাসান বলেন, প্রাথমিক তদন্তে জানা গেছে, নিহত আবু হুরাইরা মিমের সঙ্গে গ্রেফতারকৃতদের পূর্ব বিরোধ ছিল। সেই বিরোধের জের ধরেই এই হত্যাকাণ্ডটি সংঘটিত হয়েছে বলে ধারণা পুলিশের।