ঝালকাঠিতে রোগী নিয়ে অ্যাম্বুলেন্স খাদে, পলাতক চালক

0
ছবি: সংগৃহীত।

লোকসমাজ ডেস্ক ॥ ঝালকাঠি থেকে রোগী নিয়ে ঢাকায় যাওয়ার পথে অ্যাম্বুলেন্স ছিটকে পড়ে সেখানে থাকা রোগী ফজলুল হকসহ চারজন যাত্রী আহত হয়েছেন। সোমবার (২৭ জুলাই) সকাল সাড়ে ৯ টার দিকে ঝালকাঠি বরিশাল আঞ্চলিক মহাসড়কের রায়াপুর এলাকায় এই ঘটনা ঘটে। ঘটনার পর অ্যাম্বুলেন্স থাকা ড্রাইভার পালিয়ে গেছে।

নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুজ্জামান সোহাগ বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, ঝালকাঠি সদর থেকে একটি বেসরকারি অ্যাম্বুলেন্সে করে রোগীকে ঢাকায় নেওয়া হচ্ছিল। পথে রায়াপুর এলাকায় পৌঁছালে অ্যাম্বুলেন্সটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা একটি গাছে সজোরে ধাক্কা খেয়ে খাদে ছিটকে পড়ে।

খবর পেয়ে পুলিশ ও স্থানীয়রা ঘটনাস্থলে গিয়ে অ্যাম্বুলেন্সে থাকা রোগী ও তাঁর স্বজনদের উদ্ধার করে ঝালকাঠি সদর হাসপাতালে পাঠায়।

রোগীর ভাতিজা মতিন রহমান জানান, তার চাচা ফজলুল হক নিয়মিত চিকিৎসার জন্য ঝালকাঠি থেকে ঢাকার একটি হাসপাতালে যাতায়াত করেন। সোমবারও তিনি চিকিৎসার জন্য ঢাকায় যাচ্ছিলেন। দুর্ঘটনায় তার একটি পা ভেঙে গেছে।

আহত ফজলুল হক ঝালকাঠি সদর উপজেলার পালবাড়ি এলাকার বাসিন্দা।

নলছিটি থানার ওসি তৌহিদুজ্জামান সোহাগ বলেন, দুর্ঘটনার পর অ্যাম্বুলেন্সের চালক পালিয়ে গেছেন।অ্যাম্বুলেন্সটি উদ্ধারের কাজ চলছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।