জুলাই শহীদ নিয়ে প্রতিবেদন যশোরে প্রথম আলোর কপিতে আগুন

0

স্টাফ রিপোর্টার ॥ যশোরের জাবির হোটেল অগ্নিকান্ডে নিহত চতুর্থ শ্রেণির শিক্ষার্থী আবরার মাশরুন নীলকে নিয়ে প্রথম আলোর একটি প্রতিবেদনে ‘শহীদ’ পরিচয় নিয়ে ‘বিভ্রান্তিকর’ তথ্য প্রকাশের অভিযোগে ক্ষুব্ধ হয়েছেন তার পরিবারসহ অন্যান্য নিহতের স্বজনরা। বুধবার প্রেসক্লাব যশোরের সামনে এক মানববন্ধনে এ ক্ষোভ প্রকাশ করেন তারা।

মানববন্ধন শেষে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বিক্ষুব্ধরা প্রথম আলোর কয়েকটি কপিতে আগুন দেয়।

মানবন্ধনে আবরার নীলের মা জেসমিন আক্তার অশ্রুসিক্ত কণ্ঠে বলেন, ‘আমার ৯ বছরের বাচ্চা কীভাবে দুর্বৃত্ত হলো? সে তো গিয়েছিল মানুষকে সাহায্য করতে। আগুন নেভাতে গিয়ে পুড়ে মারা গেছে। ও ছিল নিষ্পাপ শিশু। তাকে নিয়ে আর রাজনীতি করবেন না। তাকে লুটকারীর কলঙ্ক দেবেন না।’

সম্প্রতি প্রথম আলোতে প্রকাশিত এক প্রতিবেদনে দাবি করা হয়, ‘যশোরের জাবির হোটেলে ৫ আগস্টের অগ্নিকাণ্ডে নিহত ২৪ জনের মধ্যে ১৬টি পরিবারের সঙ্গে কথা বলে নিশ্চিত হওয়া গেছে যে, তারা কেউ শহীদ হিসেবে স্বীকৃতি চান না।’ তবে নিহতদের স্বজনরা এ তথ্যকে সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন বলে দাবি করেছেন।

তাদের অভিযোগ, কোনো সাংবাদিক তাদের সঙ্গে যোগাযোগ করেননি, অথচ প্রতিবেদনে তাদের মতামত দেখানো হয়েছে।

মানববন্ধনে অংশগ্রহণকারী বক্তারা বলেন, এই প্রতিবেদন উদ্দেশ্যপ্রণোদিতভাবে শহীদদের স্মৃতিকে কলঙ্কিত করার চেষ্টা হয়েছে। তারা বলেন, গণঅভ্যুত্থানের শহীদদের বিতর্কিত করতে এবং আন্দোলনকে প্রশ্নবিদ্ধ করতে এমন বিভ্রান্তিকর তথ্য পরিবেশন করা হচ্ছে।

এ সময় বক্তারা বলেন, একজন সাংবাদিক কোনো ভুক্তভোগীর সঙ্গে কথা না বলে তার নামে মন্তব্য ছাপালে সেটি গুরুতর নীতিবিরোধী কাজ। তারা প্রথম আলোর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ ও প্রকাশ্যে দুঃখপ্রকাশের দাবি জানান।

এদিকে মানববন্ধন শেষে বিক্ষুব্ধরা মিছিল নিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে যান। এসয় জেলা প্রশাসক মো. আজাহারুল ইসলামের কাছে স্মারকলিপি প্রদান শেষে কালেক্টরেট ভবনের সামনে প্রথম আলোর পত্রিকার কপিতে আগুন ধরিয়ে দিয়ে প্রতিবাদ জানান।

মানববন্ধনে উপস্থিত ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যশোরের সাবেক আহ্বায়ক রাশেদ খান, শহীদ ইউসুফ আলীর মা শাহীনা খাতুন, শহীদ সোহানুর রহমান সোহানের বাবা আনোয়ার হোসেন লাল্টুসহ নিহতদের পরিবারের অন্যান্য সদস্য ও স্থানীয় নাগরিকরা।

গত ৫ আগস্ট যশোর শহরের জাবির হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ২৪ জন নিহত হন। আগুন নিয়ন্ত্রণে সহায়তা করতে গিয়েই প্রাণ হারান তাঁরা। নিহতদের অনেককে ‘জুলাই গণঅভ্যুত্থান শহীদ’ হিসেবে অভিহিত করা হয়।