জীবননগরে বিরোধপূর্ণ জমি দখল করে স্থাপনা নির্মাণের অভিযোগ

0

জীবননগর (চুয়াডাঙ্গা) সংবাদদাতা ॥ জীবননগর শহরের নতুন তেঁতুলিয়া গ্রামে বিরোধপূর্ণ জমি আদালতের আদেশ অমান্য করে দখলের অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। প্রতিপক্ষ রাতের আঁধারে জমিতে একটি ঝুপড়ি ঘর ও প্রাচীর নির্মাণ করেছে। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ করে দখল ঠেকাতে না পেরে জমির মালিকেরা বিপাকে পড়েছেন। ভুক্তভোগী পরিবারের দাবি তারা বিএনপির সমর্থক হওয়ায় ক্ষমতার দাপটে প্রতিপক্ষ আইনকে তোয়াক্কা না করে জমি দখল করে নিয়েছে।
জীবননগর শহরের নতুন তেঁতুলিয়ার মৃত রবিউল ইসলামের ছেলে হাবিবুর রহমান বলেন, আমার বাপ-দাদারা ৩০-৪০ বছর ধরে ৯০১ খতিয়ানের ২৫ মৌজার ৬০১৪ দাগে ৬.৬ শতক বসত ভিটার জমিতে ভোগ করে আসছি। ওই জমি আমরা এওয়াজ বদল রেজিস্ট্রি মূলে আমার বাবা মালিক। কিন্তু কয়েক যুগ পর এসে ওই জমির মালিকানা দাবি করে উপজেলার সুটিয়া স্কুলপাড়ার মৃত রওশন আলীর ছেলে ইদ্রিস আলী জমি দখলের পাঁয়তারা করে। হাবিবুর রহমান আরও বলেন, তারা এ ঘটনায় আদালতে একটি মামলা করেছেন (মামলা নং- ৫১১/২১)। মামলায় আদালত ইদ্রিস আলীর বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করলেও তা অমান্য করে তার দলবল নিয়ে জমি দখলে নেয়। বিষয়টি তারা পুনরায় আদালতকে জানালে আদালত পুলিশ সুপারের মাধ্যমে প্রতিপক্ষ ইদ্রিস আলীর বিরুদ্ধে আবারও নিষেধাজ্ঞা জারি করেন। কিন্তু ইদ্রিস আলী ওই নিষেধাজ্ঞা জারির সাথে সাথে গত ২৭ আগস্ট রাতের আধারে লোকজন নিয়ে জমিতে টিনের ছাপড়া ঘর ও তিন-চার ফুট উচ্চতায় প্রাচীর নির্মাণ করে দখলে নেয়। শুধু তাই নয়, ইদ্রিস আলী জমির মালিকানা দাবি করে সেখানে একটি ব্যানার টানিয়ে দেয়। এ সময় হাবিুবর রহমান ও তার লোকজন ভয়ে তাদের সামনে যেতে পারিনি। তারা পুলিশকে জানালেও কোনো কাজ হয়নি। জমি দখলকারীরা প্রভাবশালী হওয়ায় পুলিশ তাদের বিরুদ্ধে শক্তভাবে ভূমিকা নিতে পারিনি বলে তিনি জানান। পুলিশের উপস্থিতিতে সব কিছুই হচ্ছে, কিন্তু তারা কিছুই করতে পারছেন না।
জীবননগর পৌরসভার সংশ্লিষ্ট ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আফতাব উদ্দিন বলেন,কাগজপত্রে জমির মালিক মৃত রবিউল ইসলাম। তার ছেলেরা এখন ভোগ দখল করে আসছেন। কিন্তু ক্ষমতার দাপটে লোকজন নিয়ে রাতের আঁধারে জমিতে প্রাচীর নির্মাণ ও একটি টিনের ঘর দখল করে নিয়েছে।
অভিযুক্ত ইদ্রিস আলী মোবাইল ফোনে আদালতে বিচারাধীন বিরোধপূর্ণ জমি দখলের কথা স্বীকার করে বলেন,আমাদের জমি আমরা দখল করেছি। সেখানে গত ৭-৮ দিন আগে ঘর করেছি।
জীবননগর থানার অফিসার ইনচার্জ আব্দুল খালেক বলেন, ‘আদালতের আদেশ মোতাবেক আমরা উভয়পক্ষকে নোটিশ দিয়েছি। ইদ্রিস আলী কর্তৃক জমি দখলে নেয়ার কথা শুনেছি। তবে পরিস্থিতি এখন শান্ত আছে।’