জামায়াতের নিবন্ধন ফিরে পাওয়ার আপিল

0
লোকসমাজ ডেস্ক ।। নিষিদ্ধের আদেশ বাতিলের পর এবার রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন ফিরে পাওয়ার প্রচেষ্টায় বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির নিবন্ধন অবৈধ ও বাতিল ঘোষণা করা হাইকোর্টের রায়ের বিরুদ্ধে খারিজ হওয়া আপিল শুনানিতে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। আগামী ২১ অক্টোবর আবেদনটি শুনানির জন্য রাখা হয়েছে বলে জানা যায়।

আজ রবিবার  এ জন্য সর্বোচ্চ আদালতের চেম্বার আদালতে আপিল পুনরুজ্জীবীত করতে আবেদন (রিস্টোরেশন পিটিশন) করা হয়েছে বলে জানিয়েছেন দলটির আইনজীবীরা। হাইকোর্টের রায়ের বিরুদ্ধে জামায়াতের আপিল গত বছর ১৯ নভেম্বর খারিজ করে দিয়েছিলেন আপিল বিভাগ। একবার খারিজ হওয়া সেই আপিল আবার শুনানিতে উঠতে পারে কি না, জানতে চাইলে আইনজীবী শিশির মনির কালের কণ্ঠকে বলেন, ‘শুনানিতে আপিলের পক্ষে আইনজীবী না থাকায় তখন তা ডিসমিস ফর ডিফল্ট, অর্থাৎ খারিজ করে দিয়েছিলেন সর্বোচ্চ আদালত। এই খারিজ আদেশের অর্থ হচ্ছে, শুনানি না হওয়ায় আপিল বা আবেদনটি খারিজ করে দেওয়া। ফলে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে কী যুক্তিতে আপিলটি করা হয়েছিল, তা সর্বোচ্চ আদালত জানেন না।

অর্থাৎ জামায়াতের আপিলটি মেরিটে (গ্রহণযোগ্যতা প্রশ্নে) খারিজ করা হয়নি।’ এ আইনজীবী আরো বলেন, ‘সুপ্রিম কোর্ট রুলস অনুযায়ী কোনো আপিল এভাবে খারিজ হলে আপিলকারী আপিলটি পুনরুজ্জীবীত করতে আবেদন করতে পারেন। এ ধরনের আবেদনকে রিস্টোরেশন পিটিশন বলা হয়ে থাকে। আপিল বিভাগের চেম্বার আদালতে সেই আবেদনটি করা হয়েছে। আগামী ২১ অক্টোবর আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে আবেদনটি শুনানির জন্য রাখা হয়েছে।’