জামালপুরে পশুর হাটে মহিষের আক্রমণ, চিকিৎসাধীন অবস্থায় ২ জনের মৃত্যু

0
জামালপুরের দেওয়ানগঞ্জের সানন্দবাড়ী কোরবানির পশুর হাট, যেখানে মহিষের আকস্মিক আক্রমণে গুরুতর আহত হয়ে দুই ব্যক্তির মৃত্যু হয়েছে।। ছবি: সংগৃহীত

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার সানন্দবাড়ী কোরবানির পশুর হাটে মহিষের আক্রমণে আহত হয়ে দুজনের মৃত্যু হয়েছে। রোববার বিকেলে ঘটনাটি ঘটলেও দুজনেই পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

নিহতরা হলেন সানন্দবাড়ী এলাকার চর মাদার গ্রামের মজিবুর রহমান (৫৫) এবং কুড়িগ্রামের রাজিবপুর উপজেলার জাউনিয়ার কড়াইডাঙ্গীপাড়া গ্রামের রুহুল আমিন (৫৮)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার বিকেলে দেওয়ানগঞ্জ উপজেলার আকন্দপাড়া গ্রামের এক ব্যক্তি বিক্রির উদ্দেশ্যে কয়েকটি মহিষ নিয়ে চর আমখাওয়া ইউনিয়নের সানন্দবাড়ী হাটে আসেন। হাটে আনার পর একটি মহিষ হঠাৎ অস্বাভাবিক আচরণ শুরু করে। একপর্যায়ে পশুটি হাটজুড়ে ছোটাছুটি করে লোকজনকে আক্রমণ করতে থাকলে আতঙ্কিত হয়ে হাটে থাকা মানুষজন দৌড়াদৌড়ি শুরু করেন। মহিষের গুঁতায় রুহুল আমিন ও মজিবুর রহমানসহ অন্তত ছয়জন আহত হন।

গুরুতর আহতদের দেওয়ানগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে রোববার রাতেই সেখানে মারা যান রুহুল আমিন। মজিবুর রহমানকে জামালপুর জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হলে সোমবার রাতে সেখানে তাঁর মৃত্যু হয়।

দেওয়ানগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন দুজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, এ বিষয়ে থানায় এখন পর্যন্ত কেউ লিখিত অভিযোগ করেননি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।