জামায়াতে যোগ দিলে আওয়ামী লীগ কর্মীদের সব দায়িত্ব নেব: সাবেক এমপি লতিফুর রহমান

0
চাঁপাইনবাবগঞ্জের চরবাগডাঙ্গায় উঠান বৈঠকে বক্তব্য রাখছেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নেতা লতিফুর রহমান ।। ছবি: সংগৃহীত

লোকসমাজ ডেস্ক ॥ বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনের সাবেক সংসদ সদস্য লতিফুর রহমান এক চাঞ্চল্যকর ঘোষণা দিয়েছেন। তিনি বলেছেন, আওয়ামী লীগ থেকে কেউ জামায়াতে যোগ দিলে তাদের যাবতীয় দায়দায়িত্ব দল বহন করবে। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) বিকেলে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়নের ফাটাপাড়া মদনমোড় এলাকায় এক উঠান বৈঠকে তিনি এসব কথা বলেন।

লতিফুর রহমান উপস্থিত জনসাধারণের উদ্দেশে বলেন, ‘আগামী দিনের বাংলাদেশে একটা পরিবর্তন হতে চলেছে। আপনারা আওয়ামী লীগ থেকে জামায়াতে যোগ দেন, আপনাদের জেল-জুলুম বা থানার যাবতীয় দায়দায়িত্ব আমরা নেব ইনশাআল্লাহ।’

তিনি আরো বলেন, ‘আপনারা আওয়ামী লীগ থেকে জামায়াতে জয়েন করেন। আপনারা বিএনপি থেকে জামায়াতে জয়েন করেন। আপনাদের দায়িত্ব আমরা নেব। জামায়াতকে আইগল্যা (আগের) জামায়াত মনে করিয়েন না। এখনকার জামায়াত অনেক শক্তিশালী।’

বক্তব্যে তিনি বিএনপির কঠোর সমালোচনা করে বলেন, ‘আপনারা কেন আমাদের রগ কাটা পার্টি বলছেন? মানুষের যখন বলার কিছু থাকে না, তখন আবোলতাবোল বলে। জনগণ এসব আর খাচ্ছে না।’ হিন্দু ধর্মাবলম্বীরাও জামায়াতে যোগ দিচ্ছে দাবি করে তিনি বলেন, মানুষ এখন সব দল দেখা শেষে জামায়াতে ইসলামীকে দেখতে চায়।