জাতীয় ঈদগাহে একসঙ্গে ঈদের নামাজ পড়বেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী

0
জাতীয় ঈদগাহ ময়দানে ঈদের প্রধান জামাতে একসঙ্গে নামাজ পড়বেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী।। ছবি: সংগৃহীত

লোকসমাজ ডেস্ক ॥ পবিত্র ঈদুল ফিতরের প্রধান জামাত আগামী শনিবার (চাঁদ দেখা সাপেক্ষে) সকাল সাড়ে ৮টায় রাজধানীর জাতীয় ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হবে। এবারের জামাতে মহামান্য রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এবং মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান একইসঙ্গে নামাজ আদায় করবেন। বৃহস্পতিবার (১৯ মার্চ ২০২৬) জাতীয় ঈদগাহ ময়দানের প্রস্তুতিমূলক কাজ পরিদর্শন শেষে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এই তথ্য নিশ্চিত করেছেন।

মাঠ পরিদর্শনকালে প্রতিমন্ত্রী বলেন, “এবারের ঈদের নামাজ হবে ঐতিহাসিক। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী একসঙ্গে জামাতে শরিক হবেন।” তিনি আরও জানান, প্রায় ৩৫ হাজার মুসল্লির নামাজ আদায়ের লক্ষ্যমাত্রা নিয়ে প্যান্ডেল প্রস্তুত করা হয়েছে। প্যান্ডেলে বৃষ্টির পানি নিরোধক ব্যবস্থা এবং পর্যাপ্ত ওযুর সুব্যবস্থা রাখা হয়েছে। মন্ত্রী পরিষদের সদস্য এবং সরকারের উচ্চপদস্থ কর্মকর্তারাও এই জামাতে অংশ নেবেন।

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক জানিয়েছেন, নিশ্ছিদ্র নিরাপত্তার স্বার্থে প্রবেশের সময় নির্দিষ্ট সংখ্যক গেট খোলা রাখা হবে এবং নামাজ শেষে সব গেট উন্মুক্ত করে দেওয়া হবে। উল্লেখ্য, এবারের ঈদুল ফিতর উপলক্ষে গত ১৭ মার্চ থেকে শুরু হওয়া সরকারি ছুটি আগামী ২৩ মার্চ পর্যন্ত চলবে।