জাতিসংঘ অধিবেশনে অংশ নিতে ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

0
জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সেখানে বিশ্বমঞ্চে নতুন ভিশন তুলে ধরার পাশাপাশি ভারতের সঙ্গে কার্যকর সম্পর্ক ও পাচার হওয়া অর্থ ফেরানোর কথা জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।। ফাইল ছবি: সংগৃহীত

লোকসমাজ ডেস্ক ॥ জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নিতে আগামী ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের উদ্দেশে রওনা হবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এই সফরে বিশ্বমঞ্চে বাংলাদেশের নতুন ভিশন ও সরকারের অগ্রাধিকারের বিষয়গুলো তুলে ধরা হবে।

আজ রোববার (১৩ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির প্রধানমন্ত্রী তারেক রহমানের এই সফর ও সরকারের নীতিগত অবস্থান নিয়ে বিভিন্ন তথ্য প্রকাশ করেন।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, নিউইয়র্ক সফরকালে বিশ্ব নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর একাধিক দ্বিপক্ষীয় বৈঠকের পাশাপাশি বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সাইডলাইন বৈঠক অনুষ্ঠিত হবে। সফরজুড়ে বিশ্বমঞ্চে বাংলাদেশের নতুন ভিশন তুলে ধরার পাশাপাশি দেশের স্বার্থসংশ্লিষ্ট নানা বিষয়ে ফলপ্রসূ আলোচনার পরিকল্পনা রয়েছে।

বিশেষ করে রোহিঙ্গা সংকট নিরসনে বিশ্ব নেতাদের সঙ্গে একটি বিশেষ সাইডলাইন বৈঠকের আয়োজন করা হবে, যেখানে ইস্যুটি বিশেষ গুরুত্ব পাবে।

সংবাদ সম্মেলনে প্রতিবেশীদের সঙ্গে সম্পর্কের বিষয়ে কথা বলতে গিয়ে হুমায়ুন কবির বলেন, ভারতের সঙ্গে একটি নতুন ও কার্যকর সম্পর্ক তৈরি করতে চায় ঢাকা। সীমান্ত হত্যা বন্ধ ও এ সংক্রান্ত জটিলতা নিরসনের বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি স্পষ্ট জানান, এসব সমস্যার সুরাহা কূটনৈতিক চ্যানেলে আলোচনার মাধ্যমেই সম্পন্ন করা হবে।

একই সঙ্গে বাংলাদেশ থেকে অবৈধভাবে বিদেশে পাচার হওয়া অর্থ ফেরত আনতে ইতোমধ্যে কাজ শুরু হয়েছে এবং এতে আন্তর্জাতিক সহযোগিতা নেওয়ার প্রক্রিয়াও চলমান রয়েছে বলে তিনি উল্লেখ করেন।

সংবাদ সম্মেলনে বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের সাবেক পরিচালক সায়মা ওয়াজেদ পুতুলের নিয়োগ প্রক্রিয়ার তীব্র সমালোচনা করেন প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তিনি বলেন, ওই পদে দায়িত্ব পালন করার মতো প্রয়োজনীয় যোগ্যতা তাঁর ছিল না। নিয়োগ প্রক্রিয়াটি ত্রুটিপূর্ণ ছিল এবং সেখান থেকে দুর্নীতির দুর্গন্ধ বের হয়ে এসেছে।

একই সাথে ডব্লিউএইচও-এর এই পদে পরবর্তী নতুন নিয়োগে মালদ্বীপের প্রার্থীকে সমর্থন দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী।