জাতিসংঘ অধিবেশনের আগে প্রধানমন্ত্রীর ভারত সফরের সম্ভাবনা নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির

0
জাতিসংঘ অধিবেশনের আগে প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফরের সম্ভাবনা নেই বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।। ফাইল ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রী তারেক রহমানের আসন্ন ভারত সফরের দিন-তারিখ এখনো চূড়ান্ত হয়নি বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। সফরটি নিয়ে দুই দেশের মধ্যে কূটনৈতিক পর্যায়ে আলোচনা চলমান রয়েছে উল্লেখ করে তিনি জানান, জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের আগে প্রধানমন্ত্রীর ভারত সফরের কোনো সম্ভাবনা নেই।

শনিবার (৫ সেপ্টেম্বর) সিলেটের একটি অভিজাত হোটেলে টেলিভিশন সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে পররাষ্ট্র প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

প্রতিবেশি দেশের সঙ্গে কূটনৈতিক সম্পর্কের দিক তুলে ধরে হুমায়ুন কবির বলেন, “ভারতের সাথে হাজার সমস্যা থাকলেও আলোচনার পথ বন্ধ নেই। প্রতিবেশি দেশ হিসেবে ভারতের সাথে আমাদের সুসম্পর্ক থাকাই উচিত।” তিনি জানান, দুই দেশের জাতীয় স্বার্থ বজায় রেখেই কূটনৈতিক আলোচনা এগিয়ে নেওয়া হচ্ছে।

পূর্ববর্তী সরকারের সমালোচনা করে প্রতিমন্ত্রী বলেন, “কীভাবে একটি সাইকোপ্যাথিক দুর্নীতি করা যায়, এনার্জি সেক্টর দেখলে বুঝা যাবে।” তবে বর্তমান প্রধানমন্ত্রী জ্বালানি খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছেন এবং বিদ্যমান সংকট দ্রুত সমাধানে সরকার অত্যন্ত আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে বলেও তিনি আশ্বস্ত করেন।

বহুল আলোচিত মক্কা চুক্তিতে বাংলাদেশের অংশগ্রহণ প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, মক্কা চুক্তি নিয়ে আলোচনা চলমান রয়েছে এবং এতে যুক্ত হওয়া বাংলাদেশের জন্য মোটেও অস্বাভাবিক কিছু নয়। বর্তমান বিশ্বে অনেক দেশই একাধিক নিরাপত্তা জোটে অবস্থান করছে উল্লেখ করে তিনি স্পষ্ট করেন যে, জাতীয় স্বার্থের ভিত্তিতেই বাংলাদেশ যেখানে প্রয়োজন সেখানে যুক্ত হবে।

মার্কিন যুক্তরাষ্ট্র থেকে বিমান ক্রয়ের বিষয়ে প্রতিমন্ত্রী জানান, বোয়িং কিনতে হবে এমন কোনো বাধ্যবাধকতা বা চাপ কেউ বাংলাদেশের ওপর চাপিয়ে দিচ্ছে না। বিমানের চাহিদা রয়েছে বলেই আমেরিকা থেকে বোয়িং কেনা হচ্ছে এবং প্রয়োজনে ভবিষ্যতে আরও কেনা হতে পারে।

এদিকে বিদেশে শ্রমবাজারের সুশাসন প্রসঙ্গে তিনি বলেন, বিগত আওয়ামী লীগ সরকারের আমলের সিন্ডিকেটের কারণে মালয়েশিয়ায় শ্রমশক্তি রপ্তানিতে চরম নেতিবাচক প্রভাব পড়েছিল। তবে বর্তমান সরকার সেই বিতর্কিত সিন্ডিকেট ভেঙে দিয়েছে। এখন থেকে ধাপে ধাপে ও স্বচ্ছ প্রক্রিয়ায় মালয়েশিয়ায় শ্রমশক্তি রপ্তানি করা হবে।

সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় অন্যান্যের মধ্যে স্থানীয় সংসদ সদস্য এমরান আহমদ চৌধুরী এবং বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী উপস্থিত ছিলেন।