জকসু নির্বাচন: ১৩ কেন্দ্রের ফলে ভিপিতে ছাত্রদলের রাকিব, জিএস পদে শিবিরের আলিম এগিয়ে

0
জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় অডিটোরিয়ামে জকসু নির্বাচনের প্রাথমিক ফলাফল ঘোষণা করছেন নির্বাচন কমিশনারবৃন্দ ।। ছবি: সংগৃহীত

লোকসমাজ ডেস্ক ॥ দীর্ঘ প্রতীক্ষিত জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনে প্রাথমিক ফলাফলে ভিপি পদে ছাত্রদল সমর্থিত প্রার্থী এবং জিএস ও এজিএস পদে ছাত্রশিবির সমর্থিত প্রার্থীরা এগিয়ে রয়েছেন।

৩৯টি কেন্দ্রের মধ্যে ১৩টি কেন্দ্রের ঘোষিত ফলাফল অনুযায়ী, ভিপি পদে ছাত্রদলের একেএম রাকিব তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী শিবিরের রিয়াজুল ইসলামের চেয়ে ৯১ ভোটে এগিয়ে আছেন।

বুধবার (৭ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে নির্বাচনের ফলাফল ঘোষণা করেন নির্বাচন কমিশনার ড. আনিসুর রহমান, অধ্যাপক ড. শহিদুল ইসলাম ও অধ্যাপক ড. জুলফিকার মাহমুদ। ঘোষিত ফলাফল অনুযায়ী, ভিপি পদে একেএম রাকিব পেয়েছেন ১৪৫৭ ভোট এবং রিয়াজুল ইসলাম পেয়েছেন ১৩৬৬ ভোট।

তবে জিএস পদে বড় ব্যবধানে এগিয়ে আছেন শিবির সমর্থিত আব্দুল আলিম। তিনি পেয়েছেন ১৪৪৪ ভোট, যেখানে তাঁর প্রতিদ্বন্দ্বী ছাত্রদলের খাদিজাতুল কোবরা পেয়েছেন ৭২৪ ভোট। এছাড়া এজিএস পদে শিবিরের মাসুদ রানা ১৮৭ ভোটের ব্যবধানে এগিয়ে আছেন।

এর আগে মঙ্গলবার সকাল ৯টা থেকে ভোটগ্রহণ শুরু হয়ে চলে বিকেল ৩টা পর্যন্ত। তবে লাইনে থাকা ভোটারদের কারণে ভোটগ্রহণ শেষ হয় সাড়ে ৫টায়।

কারিগরি ত্রুটির কারণে ভোট গণনায় কিছুটা বিলম্ব হলেও বর্তমানে ভোট গণনা ও ফলাফল প্রকাশ অব্যাহত রয়েছে। সাধারণ শিক্ষার্থীদের মধ্যে ফলাফল নিয়ে ব্যাপক উত্তেজনা ও উৎসাহ লক্ষ করা গেছে।