ছাত্র-জনতার বিপ্লব ব্যর্থ করতে পরাজিত শক্তি চক্রান্ত করছে: ফখরুল

0

লোকসমাজ ডেস্ক ।। ছাত্র-জনতার বিপ্লব ব্যর্থ করতে পরাজিত শক্তি চক্রান্ত করছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সেই সঙ্গে তিনি এই ষড়যন্ত্র প্রতিরোধে জনগণকে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন। সোমবার  বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর ৫৫তম জন্মদিন উপলক্ষে তার কবর জিয়ারত শেষে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে জনগণের প্রতি এ আহ্বান জানান তিনি।

দ্রুত নির্বাচন দেয়ার অনুরোধ জানিয়ে বিএনপির এই নেতা বলেন, আমরা আশা প্রকাশ করছি, নতুন যে অন্তর্বর্তী সরকার, তারা সমর্থ হবে একটা অবাধ সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করতে। আমি অনুরোধ করব, অতি দ্রুত নির্বাচনের জন্য একটা ক্ষেত্র তৈরি করা এবং সমস্ত বিপদগুলোকে কাটিয়ে সত্যিকার অর্থেই একটা মুক্ত বাংলাদেশ নির্মাণ করার জন্য।

মির্জা ফখরুল বলেন, আমরা অন্তর্বর্তী সরকারকে স্পষ্ট করে বলতে চাই, এই আন্দোলনে ছাত্ররা শুধু সহযোগিতা করেনি, নেতৃত্বের ভূমিকা রেখেছে। রাজনৈতিক দলগুলো গত ১৫ বছরে ত্যাগ স্বীকার করেছে। অসংখ্য নেতাকর্মী প্রাণ দিয়েছে। এই আন্দোলনে আমাদের ভূমিকা ছিল অত্যন্ত গৌরবান্বিত। আমি সবাইকে দেশে প্রতি বিপ্লবের যে আশঙ্কা আছে, সেই আশঙ্কা থেকে দেশকে মুক্ত করার জন্য অত্যন্ত সজাগ থেকে, রাস্তায় থেকে তাদের (পতিত স্বৈরাচারের) যে চক্রান্ত শুরু হয়েছে, সেই চক্রান্ত প্রতিরোধ করার সকল ব্যবস্থা গ্রহণ করবেন, জনগণের কাছে আমার এই প্রত্যাশা।

।