ছাতিয়ানতলায় হামলার ঘটনায় তিন ভাইয়ের বিরুদ্ধে মামলা

0

স্টাফ রিপের্টার॥ যশোর সদর উপজেলার চুড়ামনকাটি ছাতিয়ানতলা মধ্যপাড়ায় জমি নিয়ে বিরোধের জেরে গোলজান হোসেন (৪৪) নামে এক ব্যক্তিকে মারধর ও কুপিয়ে জখমের অভিযোগে তিন সহদরের নামে কোতয়ালি থানায় মামলা হয়েছে। গোলজার হোসেন ওই এলাকার আব্দুল গফফারের ছেলে।
আসামিরা হলো একই এলাকার মৃত আন্তার আলী দফাদারের তিন ছেলে আশরাফ হোসেন (৫০), আনিছুর রহমান (৪৮) এবং ইনছান আলী (৪৫)।
গোলজারের ভাই ইফতেখার হোসেন সুমিত (২৬) এজাহারে উল্লেখ করেছেন, আসামিদের সাথে জমি নিয়ে বিরোধে জেরে পূর্ব থেকে শত্রুতা চলে আসছিল। সে কারণে প্রায় সময় আসামিরা খুন জখমের হুমকি দিতো। শুক্রবার তার ভাই গোলজার জুম্মার নামাজ শেষে বাড়ির দিকে রওনা হন। সাবু দফাদারের বাড়ির সামনে পৌঁছালে আসামিরা লোহার রড, বাঁশের লাঠি, ধারালো দা দিয়ে তার ভাইয়ের ওপর আক্রমণ করে। লাঠি দিয়ে মারপিট ও দা দিয়ে কুপিয়ে জখম করে। এ সময় তার চিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে আসলে আসামিরা ফের হত্যার হুমকি দিয়ে চলে যায়। পরে তার ভাইকে উদ্ধার করে যশোরে জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। ওই দিন থানায় অভিযোগ দেয়া হলো পুলিশ রাতে মামলা হিসাবে রেকর্ড করে।