চৌগাছা মডেল মসজিদ স্থান পরিবর্তনের দাবি কতিপয় কাঁচামাল ব্যবসায়ীর

0
ছবি: লোকসমাজ।

স্টাফ রিপোর্টার ॥ চৌগাছা শাহাদৎ সরকারি পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে অবস্থিত সরকারি জমিতে নির্মিতব্য চৌগাছা মডেল মসজিদের স্থান পরিবর্তনের দাবি জানিয়েছেন কতিপয় কাঁচামাল ব্যবসায়ী।

শনিবার দুপুরে প্রেসক্লাব যশোরে এক সংবাদ সম্মেলন থেকে এ দাবি জানান চৌগাছা কাঁচাবাজার দোকানদার মালিক সমিতির সভাপতি ও বাদে খড়িঞ্চা গ্রামের বাসিন্দা মো. শফি উদ্দীন এবং চৌগাছা কাঁচাবাজারের হাট ইজারাদার মো. আতিকুর রহমান লেন্টু।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে কাঁচাবাজার দোকানদার মালিক সমিতির সভাপতি মো. শফি উদ্দীন বলেন, কাঁচাবাজারের ভেতরে চৌগাছা মডেল মসজিদ নির্মাণ করা হচ্ছে। ওই স্থানটি পরিবর্তন করে ৩০০ থেকে ৪০০ গজ দূরে উত্তর দিকে অবস্থিত পাবলিক লাইব্রেরির পেছনে মডেল মসজিদ নির্মাণের দাবি জানান তিনি।

তিনি জানান, যৌথ মালিকানাধীন ২৩ নম্বর খতিয়ানের ৬৮১ নম্বর দাগের পরিবর্তে ২৩ নম্বর খতিয়ানের ৬৫৩ নম্বর দাগের বাগান শ্রেণির প্রায় ৮৯ শতক জমির মধ্যে প্রায় ৪৮ শতক জমি মডেল মসজিদের জন্য নির্ধারণ করা হলে ক্ষতি এড়ানো সম্ভব। এতে দেশের অন্যতম বৃহৎ কাঁচাবাজারের হাট এবং প্রায় ১২০টি বাণিজ্যিক দোকান প্রতিষ্ঠান আর্থিক ক্ষতির হাত থেকে রক্ষা পাবে।

এ বিষয়ে দোকান মালিক সমিতির সাধারণ সদস্য ও বিসমিল্লাহ হোটেলের মালিক মো. আনিচুর রহমান গত ৬ জুলাই মহামান্য হাইকোর্ট ডিভিশনে একটি রিট পিটিশন দায়ের করেন (যার নম্বর ৮২৯৬/২৬)। বিজ্ঞ আদালত শুনানি শেষে ৬৮১ নম্বর দাগের ওপর ৩ মাসের স্থিতাবস্থা আদেশ প্রদান করেছেন।

মসজিদ নির্মাণের পক্ষে নিজেদের অবস্থান স্পষ্ট করে দোকানদার মালিক সমিতির সভাপতি মো. শফি উদ্দীন এবং কাঁচাবাজারের হাট ইজারাদার মো. আতিকুর রহমান লেন্টু বলেন, যৌথ মালিকানাধীন ৬৮১ নম্বর দাগের পরিবর্তে ৬৫৩ নম্বর দাগে মডেল মসজিদ নির্মিত হলে বৃহত্তর কাঁচাবাজার ও বাণিজ্যিক দোকানগুলো রক্ষা পাবে, যা থেকে প্রায় তিন হাজার পরিবারের রুটি-রুজির সংস্থান হয়। এই মডেল মসজিদ নির্মাণকে কেন্দ্র করে কিছু প্রভাবশালী রাজনৈতিক নেতা বাংলাদেশ জামায়াতে ইসলামীর সঙ্গে গভীর ষড়যন্ত্রে লিপ্ত হয়েছেন বলে তারা অভিযোগ করেন।

এছাড়া ভুয়া কাঁচাবাজার সমিতির সভাপতি দাবিদার হুসিয়ার এবং সাধারণ সম্পাদক দাবিদার আয়নাল দোকানঘর নির্মাণের কথা বলে ২০ থেকে ৫০ হাজার টাকা করে অনৈতিক লেনদেন করেছেন বলেও তারা হুঁশিয়ারি উচ্চারণ করেন। স্থান পরিবর্তন করে কাঁচাবাজার ও বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলো রক্ষার মাধ্যমে ৬৫৩ নম্বর দাগে মডেল মসজিদ নির্মাণের বিষয়ে স্থানীয় প্রশাসন, জেলা প্রশাসন ও নির্বাচিত সরকারের হস্তক্ষেপ ও তদন্ত দাবি করেন তারা।

সংবাদ সম্মেলনে ব্যবসায়ী নেতা আবু মুসা, ব্যবসায়ী নেতা আহম্মদ আলী, ব্যবসায়ী নেতা মোহাম্মদ আলী, হোটেল ব্যবসায়ী মোঃ আনিসুর রহমান, ব্যবসায়ী নেতা বিল্লাল হোসেন, ব্যবসায়ী নেতা শেখ মোহাম্মদ তুহিন এবং ব্যবসায়ী নেতা সাইফুল ইসলাম উপস্থিত ছিলেন।