চৌগাছা বাজারে অভিনব প্রতারণা

0

 

স্টাফ রিপোর্টার, চৌগাছা (যশোর) ॥ চৌগাছায় একটি প্রতারক চক্র সক্রিয় হয়ে উঠেছে বলে খবর পাওয়া গেছে। চক্রটি টার্গেট করছে ক্ষুদ্র ব্যবসায়ীরা। সুন্দর চেহারার অধিকারী ভালো পোশাক পরা এসব প্রতারক বিভিন্ন দোকানে গিয়ে পণ্য নেয়ার অর্ডার করেই দোকানির কাছ থেকে কৌশলে টাকা হাতিয়ে নিচ্ছে। সর্বশেষ এক ফল ব্যবসায়ী ওই চক্রের খপ্পরে পড়ে গচ্ছা গেছে সাত শ টাকা।
চৌগাছায় বাজারে যেমন নানা ধরনের ব্যবসা বেড়েছে। তেমনি বেড়েছে মানুষের সংখ্যা। এই সুযোগটি কাজে লাগিয়ে একটি প্রতারকচক্র সক্রিয় হয়ে উঠেছে। তারা টার্গেট করছে মূলত ছোটছোট ব্যবসীদের। ক্রেতা সেজে অনেক পণ্য কেনার কথা বলে ব্যবসায়ীর নিকট থেকে কৌশলে নিয়ে নিচ্ছে টাকা। গত কয়েক মাসের ব্যবধানে এ ধরনের বেশ কয়েকটি ঘটনার খবর মিলেছে।
সর্বশেষ শনিবার বাজারের জনৈক ফল ব্যবসায়ী প্রতারক চক্রের খপ্পরে পড়ে ৭শ টাকা হারিয়েছে। ফল ব্যবসায়ী নাম প্রকাশ না করার শর্তে বলেন, বিকেলে হঠাৎ এক ভদ্রলোক তার দোকানে এসে ড্রাগন ফলের কেজি কত জানতে চান। ব্যবসায়ী দাম বললে ওই প্রতারক বলে কিছু কম দাম হলে আমি কয়েক কেজি ফল নিতাম বলেন। দোকানির সাথে দামে একমত হলে প্রতারক ২ কেজি ড্রাগন, ২ কেজি মাল্টা, ১ কেজি আঙ্গুরসহ বেশ কিছু ফল ওজন করতে বলে দোকান থেকে অল্প কিছু দূরে সরে ফের দোকানে ফিরে আসেন। এ সময় দোকানের পাশেই এক ব্যক্তি দাঁড়িয়েছিলেন।তাকে ফলের দোকানের পাশে থাকা একটি প্লাস্টিকের টুল দিয়ে বসতে বলেন ওই প্রতারক। এরপর প্রতারক ব্যবসায়ীকে বলে ভাই ১ হাজার টাকা খুচরো আছে। আমার ৭শ টাকা লাগবে বিকাশ থেকে তুলে ফলের দাম আর ধার করা টাকা দিচ্ছি। খুচরা না থাকায় ব্যবসায়ী সরল মনে ক্যাশ থেকে ৭শ টাকা বের করে দেন। প্রতারক টাকা হাতে নিয়ে বলে সামনে টুলে আমার বড় ভাই বসা আছে, আমি বিকাশ থেকে টাকা তুলে আনছি। তিনি সেই গেছেন তো গেছে আর ফেরেনি। ফল ব্যবসায়ী সমুদয় ফল ওজন করে বসে আছেন, দেরি দেখে দোকানের পাশে বসা ওই ব্যক্তির কাছে জানতে চাইলে তিনি বলেন, আমি তো তাকে চিনি না। আমি এখানে দাঁড়িয়ে আছি সে দেখি একটি টুল দিয়ে আমাকে বসতে বললো। আমি এসেছি ঢাকার পরিবহনের টিকিট নিতে।
কিছু দিন আগে বাজারের প্রধান কাঁচাবাজার সংলগ্ন এক ক্ষুদ্র সবজি ব্যবসায়ীর নিকট থেকে অনুরূপভাবে ১ হাজার টাকা হাতিয়ে নিয়েছে প্রতারকচক্র। বেশ আগে বাজারের এক গোশ বিক্রেতার নিকট থেকেও ৩ হাজার টাকা চক্রটি হাতিয়ে নেয় বলে জানান ব্যবসায়ীরা। এই পরিস্থিতিতে সকল ব্যবসায়ীকে আরও সচেতনতার সাথে ব্যবসা করার পরামর্শ দিয়েছেন বাজার ব্যবসায়ী নেতারা।