চৌগাছা পৌর বিএনপির নির্বাচনী তফসিল ঘোষণা

0

স্টাফ রিপোর্টার ॥ যশোরের চৌগাছা পৌর বিএনপির কমিটি গঠনে অনুষ্ঠেয় নির্বাচনের জন্য নেতৃত্ব প্রত্যাশীরা মনোনয়নপত্র সংগ্রহ শুরু করেছেন গতকাল মঙ্গলবার থেকে। সোমবার জেলা বিএনপি কার্যালয়ে দলের সদস্য সচিব ও প্রধান নির্বাচন কমিশনার অ্যাড. সৈয়দ সাবেরুল হক সাবু নির্বাচনের তফসিল ঘোষণা করেন। সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক পদে আগামী ২৪ মার্চ ভোটগ্রহণ করা হবে। ঘোষিত তফসিল অনুযায়ী ১৫ মার্চ মঙ্গলবার থেকে ১৬ মার্চ বুধবার সকাল ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত মনোনয়ন পত্র সংগ্রহ, ১৭ মার্চ বৃহস্পতিবার সকাল ১০টা থেকে ১টার মধ্যে জমাদান, ১৮ মার্চ শুক্রবার, বেলা ১২টায় যাচাই বাছাই, ২০ মার্চ রোববার বেলা ২টা পর্যন্ত মনোনয়নপত্র প্রত্যাহার এবং ২৪ মার্চ ভোট গ্রহণ। প্রার্থীকে মনোনয়ন ফরম বাবদ দুই হাজার এবং ভোটার তালিকা বাবদ ৫০০ টাকা জমা দিতে হবে। জমাদানের সময় মনোনয়ন ফরমের ক্রয় মূল্যের রশিদ, দুই কপি পাসপোর্ট সাইজের ছবি ও জাতীয় পরিচয়পত্রের ফটো কপি দিতে হবে। তফসিল ঘোষণাকালে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও নির্বাচন কমিশনার দেলোয়ার হোসেন খোকন, আহ্বায়ক কমিটির সদস্য ও নির্বাচন কমিশনার একে শরফুদ্দৌলা ছোটলু ও সিরাজুল ইসলাম।