চৌগাছা থেকে চুরি হওয়া মোটরসাইকেল রাজবাড়ীতে উদ্ধার, গ্রেফতার ২

0

চৌগাছা (যশোর) সংবাদদাতা ॥ চৌগাছা থেকে চুরি হওয়া দুটি মোটরসাইকেলসহ রাজবাড়ীর কালুখালি উপজেলা থেকে উদ্ধার হয়েছে। এ ঘটনায় চোর চক্রের দুই সদস্য ফারুক হোসেন (৩৮) ও বায়েজিদ হোসেনকে (২২) গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতার ফারুক হোসেন রাজবাড়ী জেলার কালুখালির মশুরিয়া এবং বায়েজিদ হোসেন চৌগাছার মুক্তদহ গ্রামের বাসিন্দা। শনিবার ভোরে মোটরসাইকেল দুটি উদ্ধার ও ফারুককে গ্রেফতার করে চৌগাছা থানা পুলিশের একটি দল। গতকাল শনিবার দুপুর ২টার দিকে এ বিষয়ে সাংবাদিকদের ব্রিফ করা হয়।
মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই তানিম ইসলাম বলেন, ১৪ নভেম্বর চৌগাছা শহরের কাপুড়িয়াপট্টির ঝলক বস্ত্র বিতানের সামনে থেকে আব্দুর রহিমের মোটরসাইকেল চুরি হয়। অভিযোগ তদন্তে পুলিশের জিজ্ঞাসাবাদে বায়েজিদ স্বীকারোক্তি দেয় মোটরসাইকেলটি চুরি করে রাজবাড়ী জেলার কালুখালি থানার মশুরিয়া গ্রামের ফারুক হোসেনের কাছে বিক্রি করে দিয়েছে। শনিবার ভোরে চৌগাছা থানার এসআই তানিম ইসলামের নেতৃত্বে একদল পুলিশ ফারুকের বাড়িতে অভিযান চালিয়ে মোটরসাইকেলসহ ফারুককে গ্রেফতার করে। এ সময় সেখান থেকে আরও একটি চোরাই মোটরসাইকেল উদ্ধার হয়। দুটি মোটরসাইকেল চৌগাছা থানায় রয়েছে। চৌগাছা থানার ওসি ইকবাল বাহার চৌধুরী বলেন, এ ঘটনায় মামলা হয়েছে।