চৌগাছায় মুখে বিষ ঢেলে গৃহবধূকে হত্যার অভিযোগ

0

চৌগাছা (যশোর) সংবাদদাতা ॥ যশোরের চৌগাছায় মুখে বিষ ঢেলে দিয়ে নাজমা বেগম (৪৫) নামে এক গৃহবধূকে হত্যার অভিযোগ করেছে তার পিতৃপ। দুই সন্তানের জননী নাজমা বেগম উপজেলার সুকপুকুরিয়া ইউনিয়নের পুড়াপাড়া গ্রামের মৃত শাহাজান আলীর স্ত্রী। মৃত গৃহবধূর স্বজন সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে দেবর আমিনুল ইসলাম ও তার স্ত্রী মরিয়ম বেগম পারিবারিক কোলহের জের ধরে নাজমা বেগমের মুখে জোর করে বিষ ঢেলে দেন। পরে স্থানীয় ইউপি সদস্যের সহযোগিতায় তাকে উদ্ধার করে প্রথমে চৌগাছা সরকারি মডেল হাসপাতাল ও পরে যশোর ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার ভোরে নাজমা বেগমের মৃত্যু হয়।
নাজমার খালাত ভাই প্রভাষক ফারুখ হোসেন জানান, প্রায় দুই বছর আগে তার স্বামী মারা যান। স্বামীর মৃত্যুর পর ছেলে-মেয়েকে নিয়ে নাজমা শ্বশুর বাড়িতেই বসবাস করছিল। তার স্বামীর আপন ছোট ভাই আমিনুল ইসলামের কাছে কিছু টাকা পাওনা ছিল। ভাইয়ের মৃত্যুর পরে আমিনুল নাজমাকে টাকা ফেরত দিতে অস্বীকার করেন। স্থানীয় মাতব্বরদের সহযোগিতায় আমিনুল ৪৫ হাজার টাকা ফেরত দিতে বাধ্য হন। এর পর থেকেই নাজমা ও তার ছেলে মেয়েকে টাকা ফেরৎ চেয়ে প্রায়ই হত্যার হুমকি দিতেন আমিনুল ইসলাম। হুমকির ঘটনায় চৌগাছা থানায় একটি সাধারণ ডায়রিও করেন নাজমা। স্থানীয় ইউপি সদস্য আবু কালাম বলেন, ‘নাজমা বেগমের পরিবারে তার স্বামী জীবিত থাকাকালীন সময় থেকেই দেবর আমিনুল ইসলামের সাথে দ্বন্দ্ব ছিল। মুখে বিষ ঢেলে দিয়েছে কি বলতে পারব না। তবে যতটা শুনেছি আমিনুল ও তার স্ত্রী মরিয়ম নাজমার ঘরে তালা দিয়ে বাড়িতে প্রবেশ করতে নিষেধ করে দেয়। চৌগাছা থানার ওসি রিফাত খান রাজিব বলেন, ‘আমি ছুটিতে রয়েছি। কবে কি বিষয়ে জিডি করেছিল নথি না দেখে বলা সম্ভব না। তবে মৃত নাজমার স্বজনরা অভিযোগ করলে বিষয়টি গুরুত্বের সাথে দেখা হবে’। এদিকে লাশের ময়নাতদন্ত শেষে নাজমা বেগমের পিতার বাড়ি কোটচাঁদপুর উপজেলার তালশার গ্রামে দাফন করা হয়েছে।