চৌগাছায় বল্লভপুর মৎস্যজীবী সমিতির সম্পাদককে হত্যার হুমকির অভিযোগ

0

স্টাফ রিপোর্টার॥ যশোরের চৌগাছার বল্লভপুর মৎস্যজীবী সমবায় সমিতি লিমিটেডের সাধারণ সম্পাদক তারক কুমার বিশ্বাসকে হত্যা ও দেশছাড়া করার হুমকি দেওয়ার অভিযোগ করা হয়েছে। অভিযোগে বলা হয়েছে শুক্রবার রাত পৌনে ৯টার দিকে মোবাইল ফোনে এই হুমকি দেন বল্লভপুর গ্রামের মতলেব মন্ডলের ছেলে জিন্নাত আলী মন্ডল।
এ ঘটনায় শনিবার চৌগাছা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন ভুক্তভোগী তারক কুমার বিশ্বাস।
জিডিতে উল্লেখ করা হয়েছে, ২১ জুন রাত ৮টা ৪৩ মিনিটে বল্লভপুর মৎস্যজীবী সমবায় সমিতি লিমিটেডের সাধারণ সম্পাদক তারক কুমার বিশ্বাসের মোবাইল ফোনে কল করে অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করেন জিন্নাত আলী। এক পর্যায়ে তারক কুমার বিশ্বাসকে বাড়ি থেকে তুলে হত্যার হুমকি দেয়। তাকে দেশছাড়া করা হবে বলেও হুমকি দেয়। এই ঘটনার পর জীবনের নিরাপত্তা নিয়ে শংকায় রয়েছেন বলে জিডিতে উল্লেখ করেছেন।
এ বিষয়ে জানতে অভিযুক্ত জিন্নাত আলীর মুঠোফোনে (০১৭৩২-৬১১৫৭৫) কল দিলে রিসিভ হয়নি।
চৌগাছা থানার ওসি ইকবাল বাহার চৌধুরী বলেন, ভুক্তভোগী থানায় জিডি করেছেন। ইতোমধ্যে তদন্ত শুরু হয়েছে।