চৌগাছায় ফেনসিডিলসহ আটক যশোরের মাদক ব্যবসায়ী

0

চৌগাছা (যশোর)সংবাদদাতা॥ যশোরের চৌগাছায় ফেনসিডিলসহ প্রসেনজিৎ রায় (২৮) নামে একজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। এ সময় তার কাছ থেকে ৪৩ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। সোমবার সকালে উপজেলার আন্দুলিয়া গ্রাম থেকে তাকে আটক করা হয়। এ ঘটনা চৌগাছা থানায় একটি মামলা হয়েছে। আটক প্রসেনজিৎ যশোর শহরের শংকরপুর এলাকার বিষ্ণু রায়ের ছেলে।
গোপন সংবাদের ভিত্তিতে সোমবার সকালে উপজেলার বর্ণি পোস্ট বিজিবির সদস্যরা সীমান্ত এলাকায় অভিযান চালান। তারা আন্দুলিয়া হাফিজিয়া মাদ্রাসা এলাকা থেকে চালকসহ একটি নম্বরবিহীন হাংক ১৫০ সিসি লাল রঙের মোটরসাইকেল আটক করেন। এ সময় মোটরসাইকেলের তেলের ট্যাংকির ভেতর থেকে উল্লিখিত ফেনসিডিল উদ্ধার করা হয়।
এ ঘটনায় বর্ণি পোস্টের বিজিবি সুবেদার আহসান চৌগাছা থানায় একটি মামলা করেছেন।
মামলা সূত্রে জানা যায়, প্রসেনজিৎ রায় চৌগাছার আন্দুলিয়া সীমান্ত থেকে মাদক নিয়ে জেলা শহরে বিক্রি করতেন। বিভিন্ন সময় স্থানীয় মাদক ব্যবসায়ীদের বাড়িতেও অবস্থান করতেন।
বিজিবি সুবেদার আহসান বলেন, আমরা প্রতিদিনের মতো বর্ণি বিওপির নিয়মিত টহলে বের হই। টহল চলাকালে সংবাদ পাই একজন মাদক কারবারি মাদক নিয়ে যশোরে যাচ্ছে। এ সংবাদের ভিত্তিতে ফোর্সসহ আমরা আন্দুলিয়া-বর্ণি রাস্তায় অবস্থান নিই। পরে আন্দুলিয়া হাফিজিয়া মাদ্রাসা এলাকা থেকে তাকে আটক করি। এ সময় তার মোটরসাইকেলের তেলের ট্যাংকির ভেতর থেকে ৪৩ বোতল ফেনসিডিল জব্দ করা হয়।
চৌগাছা থানার ওসি সাইফুল ইসলাম সবুজ ঘটনা নিশ্চিত করে বলেন, আটক আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।