চৌগাছায় অনিন্দ্য ইসলাম অমিত হাসিনার পতন ও তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত আমরা ঘরে ফিরবো না

0

স্টাফ রিপোর্টার, চৌগাছা (যশোর) ॥ দেশে গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে আনতে হলে আন্দোলন সংগ্রামের কোনো বিকল্প নেই। চৌগাছা থেকে সরকার হটানো আন্দোলনের সূচনা শুরু হয়েছে, নিশিরাতের এই সরকারকে হটিয়ে দেশে প্রকৃত জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে, দেশে ফিরিয়ে আনতে হবে আগামী দিনের রাষ্ট্রনায়ক তারেক রহমানকে। সে জন্যে আপনারা প্রস্তুত থাকুন, জয় আমাদের অনিবার্য। গতকাল শনিবার বিকেলে চৌগাছা উপজেলা ও পৌর বিএনপি কর্তৃক আয়োজিত বিএনপির দলীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে কেন্দ্রীয় বিএনপির খুলনা বিভাগীয় (ভারপ্রাপ্ত) সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত একথা বলেন।
তিনি আরও বলেন, আপনারা কি চান বাংলাদেশে আইনের শাসন ও মানবাধিকার নিশ্চিত করতে, আপনরা কি চান আপনাদের সন্তানেরা নিজ মেধা এবং যোগ্যতায় কর্মস্থানে যাবে, আপনারা কি চান বাংলাদেশের জনগণকে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির হাত থেকে সুরক্ষা দিতে, তাহলে শেখ হাসিনার কাছে দাবি জানিয়ে কোনো লাভ নেই। একটিই সমাধান শেখ হাসিনার পতন। আজকের এই সমাবেশ থেকে শপথ নিতে হবে শেখ হাসিনার পতন নিশ্চিত না হওয়া পর্যন্ত এবং একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার প্রাথমিক শর্ত তত্ত্বাবধায়ক সরকার আদায়ের দাবি পূরণ না হওয়া পর্যন্ত আমরা কেউ রাজপথ ছেড়ে যাবো না। সমাবেশে আগত হাজারও নেতাকর্মীর উদ্যেশে তিনি আরও বলেন, আপনারা জানেন শুক্রবার দিবাগত রাতে মরহুম জননেতা তরিকুল ইসলামসহ জেলার শীর্ষ বিএনপি নেতাদের বাড়িতে হামলা হয়েছে, তারা মনে করেছিল হামলা চালিয়ে আমাদের লক্ষ্যচ্যূত করা যাবে, শনিবার যশোরের কচুয়া বাজারে মিছিল বের করি আবারও তারা হামলা করার চেষ্টা করে। ওই এলাকারা হাজারও নেতাকর্মী দাবানলের মত ওই সন্ত্রাসীদের মাঠছাড়া করে দিয়েছে। আমি স্পষ্ট করে বলতে চাই বাংলাদেশ জাতীয়তাবাদী দল একটি বৃহৎ রাজনৈতিক দল। এই দলের নেতাকর্মীদের হামলা মামলা করে, হত্যা গুম করে আন্দোলন থামানো যাবে না। এখনও সময় আছে জনগণের মুখের ভাষা বুঝার চেষ্টা করে অবিলম্বে ক্ষমতা ছেড়ে একটি তত্ত্বাবধায়ক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করুন, অন্যথায় দেশের আপামর জনতা আপনাকে ক্ষমতার মসনদ থেকে টেনে হিঁচড়ে নামাতে বাধ্য হবে।
চৌগাছা উপজেলা বিএনপির আহ্বায়ক জহুরুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক নার্গিস বেগম, কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য ঝিকররগাছা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যন সাবিরা নাজমুল মুন্নি, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য অ্যাড. মো. ইসহক, দেলোয়ার হোসেন খোকন, মিজানুর রহমান খান, যশোর পৌরসভার সাবেক মেয়র মারুফুল ইসলাম মারুফ, মুনির আহমেদ সিদ্দিক বাচ্চু, কাজী আযম, চৌগাছা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ইউনুচ আলী, পৌর বিএনপির সভাপতি সাবেক মেয়র সেলিম রেজা আওলিয়ার, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এমএ সালাম, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হালিম চঞ্চল, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক চেয়ারম্যান মাসুদুল হাসান, কৃষকদলের কেন্দ্রীয় কমিটির দফতর সম্পাদক সাবেক ভিপি শফিকুল ইসলাম শফিক, স্বেচ্ছাসেবকদলের কেন্দ্রীয় কমিটির নেতা আসাদুর রহমান প্রমুখ।
উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মোস্তাফিজুর রহমান মোস্তাক ও প্রভাষক বিএম হাফিজুর রহমানের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল ওয়াহেদ, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক কাউন্সিলর শাহিদুল ইসলাম, কাউন্সিলর আনিছুর রহমান, উপজেলা মহিলা দলের আহ্বায়ক আলেয়া আফরোজ, বিএনপি নেতা মাস্টার আলা উদ্দিন, আব্দুল আলিম, কাজী আব্দুল হামিদ, দেলোয়ার হোসেন, আজগার আলী, মাস্টার শহিদুল ইসলাম, সাইফুল ইসলাম সাহেব, খাইরুল ইসলাম, প্রভাষক মোফাজ্জেল হোসেন, আব্দুল মুজিদ, উপেজলা যুবদলের আহবায়ক এমএ মান্নান, পৌর যুবদলের আহবায়ক সালাউদ্দিন আহমেদ, যুবনেতা মনির হোসেন, জসিম উদ্দিন, উপজেলা কৃষকদলের সভাপতি আজগার আলী, পৌর কৃষকদলের আহ্বায়ক মিলন বিশ্বাস, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জসিম উদ্দিন, ছাত্রনেতা মোবারক হোসেন প্রমুখ।
এদিকে বিকেল ৩ টায় সমাবেশ শুরু হওয়ার কথা থাকলেও দুপুর হতে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভার সকল ওয়ার্ড থেকে ব্যানার ফেস্টুন, টুপি, একই রঙের গেঞ্জি পরে নেতাকর্মীরা মিছিল সহকারে সমাবেশস্থলে হাজির হতে থাকেন। সভা শুরুর আগেই বিশাল মাঠ নেতাকর্মীদের উপস্থিতিতে কানায় কানায় ভরে ওঠে। এসময় নেতাকর্মীরা বিভিন্ন স্লোগানে স্লোগানে মুখরিত করে রাখেন গোটা সভাস্থল।