চৌগাছার বিস্তৃর্ণ মাঠ সরিষার হলুদ ফুল আর মৌমাছির গুনগুন শব্দে মুখোরিত

0

মুকুরুল ইসলাম মিন্টু চৌগাছা (যশোর)॥ যশোরের চৌগাছার বিস্তৃর্ণ মাঠ এখন সরিষার হলুদ ফুলের সমারোহ। সরিষার ক্ষেত গুলোতে মৌমাছির গুনগুন শব্দ ক্ষেতসহ চারিপাশ মুখরিত করে তুলেছে। একটানা বৃষ্টিকে উপেক্ষা করে যে সব সরিষা ক্ষেত সতেজ আছে সেই সরিষা নিয়ে কৃষকের হাজারও স্বপ্ন। উপজেলার ফুলসারা ইউনিয়নের চান্দা, সলুয়া, দূর্গাবরকাটি, সৈয়দপুর, কোটালীপুর, তেুঁতলবাড়িয়া, সিংহঝুলী ইউনিয়নের জামলতা, মশিউরনগর, মাজালীসহ বেশ কিছু গ্রামের মাঠ ঘুরে দেখা গেছে যেদিকে চোখ যায় খন্ডখন্ড হলুদ ফুলের চাদর যেন বিছানো রয়েছে ।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, চলতি বছরে উপজেলাতে ২ হাজার ৫শ হেক্টর জমিতে নানা জাতের সরিষার চাষ করা হয়। কিন্তু দু’সপ্তাহ আগে একটানা বৃষ্টিতে ১শ হেক্টর জমির সরিষা সম্পূর্ণ ভাবে নষ্ট হয়ে গেছে, আর ২শষ হেক্টর জমির সরিষা আংশিক ক্ষতিগ্রস্থ্য হয়েছে। বৃষ্টিকে উপেক্ষা করে যে সব মাঠে সরিষা বেঁচে আছে তাতে এখন ফুলে ফুলে ভরে উঠেছে। আর কোন প্রাকৃতিক দূর্যোগ না হলে ফলন ভাল হবে বলে মনে করা হচ্ছে।
উপজেলার বিভিন্ন এলাকার মাটির গুনাগুন ভেদে নানা জাতের সরিষার চাষ করেন কৃষকরা। এ বছর বারী-১৪,বারী-১৭, ১৮, বিনা-৯, রায়, টরি-৭ সহ দেশীয় জাতের সরিষার চাষ বেশি হয়েছে। কৃষকরা জানান, বৃষ্টির কারনে অনেক এলাকার সরিষা নষ্ট হয়ে গেছে। সে কারনে এ বছর সরিষার বাজারদর ভাল হবে বলে আশায় বুক বেঁধেছেন। সরিষা চাষে খরচ খুবই কম, বিঘা প্রতি চাষিদের দেড় হাজার হতে ২ হাজার টাকা ব্যয় হয়। ভাল ফলন হলে ১ বিঘা জমিতে ৭ থেকে ৮ মণ সরিষা পাওয়া যায়। বর্তমানে বাজারে ১ মণ সরিষা ২ হাজার থেকে আড়াই হাজার টাকা বিক্রি হচ্ছে। সেই হিসেবে ১ বিঘা জমি থেকে ১৫ থেকে ১৮ হাজার টাকার সরিষা বিক্রি করা সম্ভব হবে। এছাড়া সরিষার গাছ জ্বালানী হিসেবেও ব্যবহৃত হয়। কৃষকরা জানান, যে সব জমির সরিষা বর্ষায় মারা গেছে ওই সব জমি ইতোমধ্যে প্রস্তুত করা শুরু করেছেন। সেখানে আগে ভাগেই ইরি ধানের চাষ হবে।
ফুলসারা ইউনিয়নের চান্দা গ্রামের কৃষক তপন কুমার জানান, তিনি চলতি বছরে ২ বিঘা জমিতে রায় জাতের সরিষার চাষ করেছেন। সমস্ত জমি যখন সরিষার সুবজ গাছে ভরে উঠে ঠিক সেই সময়ে একটানা ৩ দিনের বৃষ্টিতে ব্যাপক ক্ষতি হয়। বৃষ্টি থামার পর জমি থেকে পানি বের করে দ্রুত পরিচর্জা শুরু করেন। এখন সমুদয় জমিতে সরিষায় ফুল এসেছে। আর কোন দূর্যোগ না হয় তাহলে বৃষ্টির কারনে যে পরিমান ক্ষতি হয়েছে তা কাটিয়ে উঠা সম্ভব হবে। ওই মাঠে কৃষক আশরাফুল ইসলাম ১০ কাটা, পবন কুমার ১ বিঘা, মাসুদ রানা ১ বিঘা, আব্দুল মান্নান ২ বিঘা, হবিবর রহমান ১০ কাটা, ঝড়– মন্ডল ১ বিঘা জমিতে সরিষার চাস করেছেন। প্রত্যেক চাষিই বৃষ্টির কারনে কমবেশি ক্ষতিগ্রস্থ্য হয়েছেন। এলাকায় অপেক্ষাকৃত উঁচু জমির সরিষা গুলো বোঁচে আছে। এছাড়া নিচু জমিতে চাষ করা সরিষা সবই বলাচলে মারা গেছে। যে সকল সরিষা বেচে আছে তা এখন ফুলে ফুলে ভরে উঠেছে। চাষিরা জানান, সলুয়া, আফরা, চারাবাড়ি, রায়নগরসহ এলাকার অনেক কৃষকের সরিষাসহ অনেক ফসলের ব্যাাপক ক্ষতি হয়েছে। উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সমরেন বিশ্বাস বলেন, উপজেলার নিচু এলাকা ছাড়া সর্বত্রই সরিষার চাষ হয়। এবছর বৃষ্টিতে সরিষা চাষে বেশ ক্ষতি হয়েছে। কৃষক এই ক্ষতি কাটিয়ে উঠার চেষ্টা করছেন। কৃষি অফিস তাদেরকে সর্বদা সহযোগীতা প্রদান করে যাচ্ছেন।