চোখে ঝালের গুড়ো ছিটিয়ে ট্রাকসহ ১০ গরু লুট, আটক ৪

0

 স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ।। ঝিনাইদহ সদর উপজেলার নাথকুন্ডু গ্রাম থেকে চার ডাকাতকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে গ্রামবাসী। এ সময় তাদের কাছ থেকে একটি ট্রাক ভর্তি ১০টি গরু উদ্ধার করা হয়েছে। সোমবার রাত ১০টার দিকে এই ঘটনা ঘটেছে। আটক ডাকাতদের তিনজনের পরিচয় মিলেছে। তারা হচ্ছে যশোরের মানিক, খুলনার রূপসা এলাকার সাইফুল ও গোলজার হোসেন গোলে।

সদর উপজেলার সাগান্না ইউনিয়ন বিএনপির নেতা রাজু আহম্মেদ শিপন জানান, তিনি রাতে ঝিনাইদহ থেকে গাড়িতে বাড়ি ফিরছিলেন। ঝিনাইদহ-চুয়াডাঙ্গা সড়কের বৈডাঙ্গা মাঠের মধ্যে পৌঁছালে দেখতে পান একদল গরু ব্যবসায়ী বাঁচাও বাঁচাও বলে চিৎকার করছেন। তিনি গাড়ি থেকে নেমে জানতে পারেন গরু ব্যবসায়ীদের চোখে ঝালের গুড়া মেরে ডাকাতদল তাদের ১০টি গরু নিয়ে পালিয়েছে। আহতদের চোখে মুখে পানির ব্যবস্থা করে শিপন ও তার গাড়ির চালক ডাকাতদলকে ধাওয়া করেন। এসময় তার চিৎকারে আশপাশের গ্রামের লোকজন ছুটে এসে বাজারগোপালপুর, নারায়নপুর ত্রিমোহনী, চুয়াডাঙ্গা ও ঝিনাইদহ সড়ক অবরোধ করে রাখেন। তাদের সঙ্গে যোগ দেন ডাকবাংলা ও বাজারগোপালপুর পুলিশ ফাঁড়ির সদস্যরা। ডাকাতদলের সদস্যরা ছিনতাইকৃত মিনি ট্রাক নিয়ে নিকটস্থ নাথকুন্ডু গ্রামে ঢুকে পড়লে জনতা রাস্তায় ব্যারিকেড দিয়ে ডাকাতদলের চার সদস্যকে ধরে গণপিটুনি দেয়। এ সময় পুলিশ তাদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করে। ঝিনাইদহ সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডাঃ নেওয়াজ জানান, আহতদের শরীরের বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে। এদের মধ্যে দুইজনের অবস্থা গুরুতর।

সদর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন জানান, চুয়াডাঙ্গার ডুগডুগি গরুর হাট থেকে কয়েকজন গরু ব্যাবসায়ী ১০টি গরু কিনে ফরিদপুরে যাচ্ছিলেন। পথে কিছু ছিনতাইকারী তাদের চোখে মরিচের গুড়া দিয়ে গরুগুলো নিয়ে পালানোর চেষ্টা করলে জনতা তাদের ধরে পিটুনি দেয়। উপস্থিত পুলিশ সদস্যরা জনতার রোষানল থেকে ছিনতাইকারীদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।