চেতনায় অমর একুশে

0

মহিউদ্দীন মোহাম্মদ ॥ রবীন্দ্রনাথের অগাধ বিশ্বাস ছিলো নবীনের প্রতি। কেননা তারাই পাল্টে দিতে পারে সমাজকে। তারাই নির্মূল করতে পারে সমাজের আসল ব্যামোকে। সেকারণেই তার আহ্বান আমরা শুনি-‘ওরে নবীন, ওরে আমার কাঁচা,/ওরে সবুজ, ওরে অবুঝ,/আধমরাদের ঘা মেরে তুই বাঁচা।/রক্ত আলোর মদে মাতাল ভোরে/আজকে যে যা বলে বলুক তোরে..’। আমরাও তার মতই কামনা করি পাঠকের তীব্র সচেতনতা। আপনারা যদি সচেতন না হন-যতই আমরা একুশের চেতনার কথা বলি না কেন, তাতে কোনো বিশেষ ফায়দা হবে না।
রবী ঠাকুরের সেজদাদা হেমেন্দ্র নাথ বলতেন, আগে চাই বাংলা ভাষার গাঁথুনি, তার পরে ইংরেজি শেখার পত্তন।’ এই কথাটি কবি তার ছেলেবেলা প্রবন্ধে উল্লেখ করেছেন। কথাটি সত্যিই খুব তাৎপর্যময়। বাংলা ভাষার গাঁথুনির জন্য সব মহল থেকে নানা রকম কর্মসূচি নেওয়া দরকার। আমরা ইংরেজিটা যত যতœ করে শিখি, বাস্তবে অতটা যতœ করে মায়ের ভাষা বাংলা ভাষা শিখি না। দাঁত থাকতে দাঁতের মর্যাদা দেয়ার অভ্যেস যে আমাদের নেই! তবে যাই হোক আমাদের জেগে ওঠা দরকার। ভাষার উন্নয়নে নানা কর্মসূচি না নিতে পারলে ভাষার স্বাতন্ত্র্য হারিয়ে যাবে সুনিশ্চিত।
এজন্য দেশের অভ্যন্তরীণ যোগাযোগ ক্ষেত্রে সরকারের উচিত বাংলা প্রচলন করা এবং বহির্বিশ্বে নথিপত্র চালাচালির ক্ষেত্রে ইংরেজি প্রচলন অব্যাহত রাখা। এতদ্ব্যতিত বাংলাভাষাকে সর্বস্তরে প্রতিষ্ঠা করতে হলে দৃশ্যমান বিষয়গুলো যেমন সাইনবোর্ড, পোস্টার, ব্যানার ও বিলবোর্ডের ভাষা বাংলা প্রচলনের ব্যবস্থা নিতে হবে। শিক্ষাক্ষেত্রে কোমলমতি শিশুদেরকে দেশপ্রেমে উদ্বুদ্ধ করার লক্ষ্যে বাংলা ভাষার ইতিহাস, বিবর্তন, ভাষার বিভিন্ন রূপ বা রীতি পাঠ্যক্রমে রাখতে হবে। তাছাড়া জীবনের শুরু থেকে শ্রেণী পার্থক্যের বিভেদ যেন না জন্মে সে জন্য শিক্ষাক্ষেত্রে উচ্চ মাধ্যমিক স্তর পর্যন্ত দেশের সকল শিক্ষাবোর্ডে একই শিক্ষাক্রম চালুর ব্যবস্থা রাখতে হবে এবং ইংলিশ মিডিয়াম শিক্ষা ব্যবস্থা রহিত করতে হবে।
বাংলার আকাশ মুক্ত থাকার কারণে ইদানিং আকাশ সংস্কৃতির আগ্রাসনের ফলে বাংলা ভাষা ও সংস্কৃতিকে রোগাক্রান্ত করছে। আমাদের মনে রাখতে হবে যে একুশের মূল শ্লোগান ছিল-‘মায়ের ভাষা কেড়ে নিতে দিব না’। একুশের যে আন্দোলন ছিল তা মায়ের ভাষার জন্য। আমাদের কারুর মা সিলেটের আঞ্চলিক ভাষায় কথা বলেন-‘হি সময় তার বড় পুয়া ক্ষেতে ছিল’। সেটা মুখ্য নয়, সবটাই মায়ের ভাষা। তবে বাংলা সাহিত্য, নাটক ও চলচ্চিত্রে আঞ্চলিক ভাষার ব্যাপক ব্যবহার রয়েছে। এই আঞ্চলিক ভাষা ও বাংলা ভাষার নিজস্ব সম্পদ। তবে ভাষার মর্যাদা সমুন্নত রাখার প্রয়োজনে স্থান, কাল পাত্র ভেদে বিশুদ্ধ উচ্চারণে বাংলা ব্যবহৃত হওয়া আবশ্যক। অনেকে চিবিয়ে চিবিয়ে শব্দের আগে পিছে চন্দ্রবিন্দু যোগ করে এমন সব বাংলা বলেন যা শুনে অনেক সময় ভিমরি খেতে হয়। একুশের আন্দোলনে মায়ের ভাষা জীবনের সর্বস্তরে প্রতিষ্ঠার জন্য রফিক, সফিক, জব্বার, বরকত রক্ত দিয়েছিল। কবি শামসুর রহমান কবিতায় বলছেন-
এ লাশ আমরা রাখবো কোথায়?/তেমন যোগ্য সমাধি কই?/মৃত্তিকা বলো, পর্বত বলো/অথবা সুনীল সাগর জল/সব কিছু ছেঁদো তুচ্ছ শুধুই/তাইতো রাখিনা এ লাশ আজ/মাটিতে পাহাড়ে কিংবা সাগরে/হৃদয়ে হৃদয়ে দিয়েছে ঠাঁই। এ কবিতার মধ্যে মূর্ত হয়েছে আমাদের গৌরব এবং অহংকারের ঋদ্ধ শহীদানের আত্মত্যাগে।
মাতৃভাষার জন্য বাঙালির আত্মত্যাগের মহিমা ব্যাপ্ত রয়েছে পৃথিবীর সব জাতিগোষ্ঠীর মাতৃভাষার স্বীকৃতির মধ্যদিয়ে। দুঃখের বিষয় ধর্মীয় আচার, পূজা পার্বন অনুষ্ঠানে বাংলা অনেকটা বিতাড়িত। সেখানে শোনা যাবে হিন্দি, ইংলিশ ডিসকো গান আর বাদ্যযন্ত্রের ঝঙ্কার, নাচে-গানে চলনে-বলনে, পোশাক-পরিচ্ছদে, আচার-আচরণে, বিদেশী সংস্কৃতির আগ্রাসন সমাজের সর্বাঙ্গে ভর করে আছে। বিশ্বের প্রতিটি জনগোষ্ঠীর নিজ নিজ মাতৃভাষা সংরক্ষণ ও বিকাশের বিষয়টি তাদের রাজনৈতিক অধিকারের গুরুত্বপূর্ণ অংশ হিসাবে বিবেচিত হচ্ছে। কিন্তু পরিতাপের বিষয় হল, আজও জাতীয় জীবনের সর্বস্তরে বাংলাভাষার প্রবর্তন হয়নি। সরকারি কাজকর্ম, ব্যবসা-বাণিজ্য, উচ্চশিক্ষা, গবেষণাসহ নানা গুরুত্বপূর্ণ ক্ষেত্রে ইংরেজির প্রাধান্য রয়েছে। আদালতে বাংলা চালু হয়নি, বিদ্যালয়ে বাংলা অবহেলিত। ইংরেজি শিক্ষার প্রসার ব্যাপক হারে ঘটেছে। এখনও জাতীয় ভাষা পরিকল্পনা নেয়া হয়নি। এই পরিকল্পনা বাস্তবায়নের জন্য প্রয়োজন বাংলা ভাষা বিকাশের লক্ষ্যে নিরন্তর পদক্ষেপ নেয়া। কাজেই সময় এসেছে আমাদের অস্তিমজ্জায় ভাষা ও সংস্কৃতিতে একুশের সংগ্রাম অব্যাহত রাখা।