চুয়াডাঙ্গায় বিজিবির অভিযান: বিদেশী পিস্তল, গুলি ও গাঁজা উদ্ধার

0
ছবি: সংগৃহীত।

চুয়াডাঙ্গা সংবাদদাতা ॥ চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার সীমান্তবর্তী কামারপাড়া গ্রামে অভিযান চালিয়ে একটি বিদেশী পিস্তল, ম্যাগাজিন, গুলি এবং ২ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।সোমবার (১৫ জুন) ভোররাতে চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়নের অধীনস্থ বারাদী বিওপি’র সদস্যরা এই সফল অভিযান পরিচালনা করেন।

চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়নের সহকারী পরিচালক ও ভারপ্রাপ্ত কোয়ার্টার মাস্টার মোহাম্মদ রাজ মামুদ সোমবার দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে অভিযানের বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার ভোর ৫টার দিকে তার নিজস্ব নেতৃত্বে সীমান্ত মেইন পিলার ৮১ থেকে আনুমানিক ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কামারপাড়া গ্রামে অভিযান চালানো হয়। সেখানে একটি আমবাগানের মাটির নিচে পরিত্যক্ত অবস্থায় অস্ত্র ও মাদকগুলো লুকিয়ে রাখা হয়েছিল। তল্লাশি চালিয়ে সেখান থেকে একটি ৭ দশমিক ৬৫ মিলিমিটার বিদেশী পিস্তল, ১টি ম্যাগাজিন, ১ রাউন্ড গুলি এবং ২ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার করা হয়।

ছবি: সংগৃহীত।

উদ্ধারকৃত সামগ্রীর আনুমানিক বাজার মূল্য ১ লাখ ৭ হাজার ২০০ টাকা।

বিজিবি কর্মকর্তা মোহাম্মদ রাজ মামুদ জানান, উদ্ধারকৃত অবৈধ অস্ত্র, ম্যাগাজিন ও গুলি ইতোমধ্যে দর্শনা থানায় জমা দেওয়া হয়েছে এবং এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।