চুয়াডাঙ্গায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৯ দশমিক ৮ডিগ্রি

0

চুয়াডাঙ্গা সংবাদদাতা॥ চুয়াডাঙ্গায় প্রত্যেকদিন রাত বাড়ার সাথে সাথে কনকনে শীত অনুভূত হচ্ছে। সকালে রোদের দেখা মিললেও শীতের তীব্রতা কমছে না। জেলা জুড়ে মৃদু শৈত্য প্রবাহ বয়ে যাচ্ছে। শীতের প্রকোপে এ জেলার জনজীবন অস্থির হয়ে পড়েছে। ১৭ দিন পর তাপমাত্রা আবার কমে যাওয়ায় প্রচন্ড শীতে গোটা চুয়াডাঙ্গা জেলা থমকে গেছে। শীতের  কারণে জেলার মানুষ বিপর্যস্ত হয়ে পড়ছে। ২০২৪ সালের ১৯ নভেম্বর হতে এ জেলায় তাপমাত্রা কমতে থাকে। গত ১৬ দিনে চুয়াডাঙ্গার তাপমাত্রা ১২ ডিগ্রি থেকে ১৪ ডিগ্রিতে ওঠানামা করছিলো।

চুয়াডাঙ্গা প্রথম শ্রেণির আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা জামিনুর রহমান জানান, জেলার ওপর দিয়ে মৃদু শৈতপ্রবাহ বয়ে যাচ্ছে। বৃহস্পতিবার সকাল ৯টায় এ জেলায় সর্বনিম্ন তাপমাত্রা ৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৯৫ শতাংশ। এদিন সকাল ৬টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৯৫ শতাংশ।

তাপমাত্রা আরো কমে যাওয়ার পূর্বাভাস দিচ্ছেন চুয়াডাঙ্গা প্রথম শ্রেণির আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা। তিনি জানান, চুয়াডাঙ্গা জেলায় সর্বনিম্ন তাপমাত্রা থাকায় প্রচন্ড শীত অনুভূত হচ্ছে। শীতের প্রকোপ আরো বেশি হবে বলে তিনি জানিয়েছেন।

চুয়াডাঙ্গা জেলা প্রশাসক মোহাম্মদ জহিরুল ইসলাম জানান, প্রধান উপদেষ্টার তহবিল থেকে পাওয়া প্রায় ১০ হাজার কম্বল শীতার্ত মানুষের মধ্যে বিতরণের উদ্যোগ নেওয়া হয়েছে। এছাড়া নগদ ৩০ লাখ টাকা সহায়তা বাবদ ৪টি উপজেলায় দেওয়া হয়েছে। যা দিয়ে শীতে কর্মহীন মানুষের খাবারের ব্যবস্থার চেষ্টা চালানো হবে।  এছাড়াও বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক প্রতিষ্ঠান ও এনজিওগুলো  জেলায়  বিভিন্ন স্থানে  শীতবস্ত্র বিতরণ অব্যাহত রেখেছে।