চুয়াডাঙ্গায় তেলবাহী ট্রেনের ট্যাঙ্কার লাইনচ্যুত, খুলনার সাথে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ

0

রিফাত রহমান,চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার আনসারবাড়ীয়া রেল স্টেশনের কাছে তেলবাহী একটি ট্রেনের ৮টি ট্যাঙ্কার লাইনচ্যুত হয়েছে। এ কারনে খুলনার সাথে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে। মঙ্গলবার (২২ অক্টোবর) দিনগত রাত সাড়ে ১২টার দিকে জীবননগর উপজেলার আনসারবাড়ীয়া রেলস্টেশনের কাছে এ দুর্ঘটনা ঘটে।

জীবননগর উপজেলার উথলী রেলওয়ে স্টেশন মাস্টার মিন্টু কুমার জানান, মঙ্গলবার রাত সাড়ে ১২টার দিকে একটি তেলবাহী ট্রাঙ্কার খুলনার দিকে যাচ্ছিল। আনসারবাড়ীয়া রেলস্টেশনের কাছে ট্রেনটির ৮টি ট্যাঙ্কার লাইনচ্যুত হয়। এতে খুলনার সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। পাকসি হতে উদ্ধারকারী রিলিফ ট্রেন ঘটনাস্থলে পৌঁছে সকাল ৮ টার সময় উদ্ধার কাজ শুরু করেছে। ট্রেন চলাচল স্বাভাবিক হতে এখনো অনেক সময় লাগতে পারে।

তিনি আরও বলেন, এ ঘটনার পর পার্শবর্তী রেলস্টেশনে আন্তঃনগর চিত্রা ও সীমান্ত এক্সপ্রেস ট্রেন আটকা পড়েছে। ফলে ট্রেনের যাত্রীরা ভোগান্তিতে পড়েছেন।

চুয়াডাঙ্গা রেলওয়ে স্টেশনের সহকারী মাস্টার এ.কে ইউসুফ আলী বলেন, খুলনার সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে। যত দ্রুত সম্ভব খুলনার সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ সচল করার লক্ষে কাজ চলমান রয়েছে।